বিয়েতে নোটারি সনদ গ্রহণযোগ্য হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, বিয়ের ক্ষেত্রে আর নোটারি পাবলিকের নিবন্ধন গ্রহণযোগ্য হবে না। আজ রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘বাল্যবিবাহে দায় কার? প্রতিরোধে করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

সম্মিলিত ম্যারেজ রেজিস্ট্রার ফোরাম আয়োজিত সেমিনারে প্রতিমন্ত্রী বলেন, নতুন বাল্যবিবাহ নিরোধ আইনে বিয়ে নিবন্ধনে কোনো রকমের নোটারি পাবলিক গ্রহণযোগ্য হবে না। তিনি আরও বলেন, বিয়ের সময় সরকারের প্রতিনিধি হিসেবে ম্যারেজ রেজিস্ট্রাররা সরাসরি উপস্থিত থাকেন। সুতরাং ম্যারেজ রেজিস্ট্রাররা নিবন্ধন না করলে বাল্যবিবাহ হবে না।

ম্যারেজ রেজিস্ট্রার ফোরামের আহ্বায়ক ছাবের আহমদ মূল প্রবন্ধে বলেন, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৪ এর খসড়া অনুযায়ী ম্যারেজ রেজিস্ট্রারেরা (বিয়ে নিবন্ধক) কোনো বাল্যবিবাহ দিলে দুই বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা ৫০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এই বিধানটির অপব্যবহার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ, এখন পর্যন্ত জন্মনিবন্ধন তথ্য অনলাইনে পাওয়া যায় না। তা ছাড়া সব নিবন্ধক এখন পর্যন্ত ইন্টারনেট ব্যবহারে দক্ষ নন। অনেক সময় জন্মনিবন্ধনের সার্টিফিকেট দেখে বিয়ে নিবন্ধন করলেও দেখা যায় জন্মনিবন্ধন সনদটি ভুয়া।

উল্লেখ্য, বাল্যবিবাহ হয় এমন দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। দেশের ৬৪ শতাংশ মেয়ের ১৮ বছরের আগে বিয়ে হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যে অনুষ্ঠিত গার্ল সামিটে ২০৩১ সালের মধ্যে বাল্যবিবাহ পুরোপুরি বন্ধের অঙ্গীকার করেছেন।