বিয়েবাড়ি নয় ভোটকেন্দ্র!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়নের একটি ভোটকেন্দ্র এটি। দূর থেকে মনে হচ্ছিল, ভোটকেন্দ্রটি যেন একটি বিয়েবাড়ি l ছবি: জুয়েল শীল
সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়নের একটি ভোটকেন্দ্র এটি। দূর থেকে মনে হচ্ছিল, ভোটকেন্দ্রটি যেন একটি বিয়েবাড়ি l ছবি: জুয়েল শীল

দূর থেকে দেখে মনে হতে পারে বিয়েবাড়ি। রঙিন কাপড় ও পলিথিনের ছাউনি দিয়ে তৈরি করা হয়েছে প্যান্ডেল। একটু কাছে যেতেই সেই ধারণা ভুল প্রমাণিত হয়। আদতে এটি একটি ভোটকেন্দ্র। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দুর্গাবাড়ি ভোটকেন্দ্র দেখতে অনেকটা বিয়েবাড়ির মতো ছিল।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র থেকে জানা যায়, ইউনিয়ন পরিষদের নির্বাচনের জন্য বাঁশের খুঁটি, পলিথিন ও কাপড়ের ছাউনি দিয়ে অস্থায়ীভাবে নির্মাণ করা হয় ভোটকেন্দ্রটি। বাজালিয়ার মতো উপজেলার চরতি, ধর্মপুর, আমিলাইষ ও পুরানগড় ইউনিয়নেও এভাবে একটি করে ভোটকেন্দ্র তৈরি করা হয়।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ বলেন, এই ভোটকেন্দ্রগুলোর আশপাশে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বা অব্যবহৃত স্থাপনা নেই। তাই কাপড়, পলিথিন, ত্রিপল ও বাঁশের খুঁটি দিয়ে অস্থায়ীভাবে ভোটকেন্দ্রগুলো তৈরি করে ভোট নেওয়া হয়েছে।
গতকাল সকালে সরেজমিনে দেখা যায়, বাজালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দুর্গামন্দির প্রাঙ্গণে ভোটকেন্দ্র তৈরি করা হয়েছে। প্যান্ডেলের নিচেই নির্বাচনী কর্মকর্তা, প্রার্থীদের এজেন্টদের বসার ব্যবস্থা ছিল। প্রিসাইডিং কর্মকর্তা নিউটন শর্মার বসার জায়গা ছিল মন্দিরের একটি কক্ষে। সেখান থেকেই ব্যালট পেপারসহ বিভিন্ন সরঞ্জাম নির্বাচন কর্মকর্তাদের সরবরাহ করছিলেন।