বিয়েবাড়িতে ইউএনও, পালিয়ে গেল লোকজন
বিয়ের আনুষ্ঠানিকতা প্রায় চূড়ান্ত। কনে সাজানোর কাজ চলছিল। বরপক্ষও রওনা দিয়েছিল বিয়েবাড়িতে। কিন্তু বরযাত্রী পৌঁছার আগেই পুলিশ নিয়ে পৌঁছে গেলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। বিয়ে ভেঙে দিলেন তিনি। আটক করলেন কনের মাকে।
এ খবর পৌঁছে গেল বরযাত্রীদের কাছে। বিয়েবাড়িতে না এসে পালিয়ে রক্ষা পেল তারা। পঞ্চম শ্রেণীপড়ুয়া এক শিশুকে বাল্যবিবাহের হাত থেকে এভাবে রক্ষা করার এ ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বগুড়ার নন্দীগ্রাম উপজেলায়।
প্রশাসন ও স্থানীয় সূত্র জানিয়েছে, উপজেলার একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রীর সঙ্গে একই উপজেলার কল্যাননগর গ্রামের আলমগীর হোসেনের বিয়ে ঠিকঠাক করে উভয়ের পরিবার। গতকাল বুধবার এ বিয়ের আনুষ্ঠানিকতা হওয়ার কথা ছিল। কনের বাড়িতে ধুমধাম চলছিল। বরযাত্রীদের ভোজনের জন্য রান্না করা হচ্ছিল খাবার। কিন্তু বিয়ের কথা জেনে যান নন্দীগ্রামের ইউএনও অভিজিৎ রায়। বরযাত্রী পৌঁছার আগেই তিনি উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা ও পুলিশ সঙ্গে নিয়ে হাজির হন বিয়ের আসরে। পালিয়ে যায় বিয়েবাড়ির লোকজন। পালিয়ে যান কনের বাবাও।