বিয়েবাড়ির খাবার খেয়ে শতাধিক অসুস্থ
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার তিলকপাড়া গ্রামে একটি বিয়েবাড়ির খাবার খেয়ে বর-কনেসহ শতাধিক লোক অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে কমপক্ষে ২০ জনকে সাদুল্যাপুর, পলাশবাড়ী ও পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের একটি দল স্থানীয়ভাবে চিকিৎসাসেবা দিচ্ছে।
সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এলাকাবাসী ও অসুস্থদের পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার রাতে রংপুরের পীরগঞ্জ উপজেলার আজরামপুর গ্রামের তোবারক আলীর মেয়ে বীথি আকতারের সঙ্গে সাদুল্যাপুরের তিলকপাড়া গ্রামের আবু হোসেনের ছেলে আবুল বাশারের বিয়ে হয়। ওই রাতে মেয়ের বাড়িতে বিয়ের খাবার খেয়ে গত মঙ্গলবার সকালে বর-কনেসহ বরযাত্রীরা তিলকপাড়া গ্রামে আসেন। বাড়িতে ফেরার পর থেকে বরযাত্রীরা অসুস্থ হতে থাকেন। একপর্যায়ে বর-কনেও অসুস্থ হয়ে পড়েন। রাত ১২টার মধ্যে অসুস্থের সংখ্যা ১০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে কমপক্ষে ২০ জনকে গতকাল ভোরে সাদুল্যাপুর, পলাশবাড়ী ও পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন খুশি মিয়া নামের এক বরযাত্রী বলেন, ‘বিয়েবাড়ির খাবার খাওয়ার কয়েক ঘণ্টা পর থেকে পেটে ব্যথা, বমি ও পাতলা পায়খানা শুরু হয়। ধীরে ধীরে তা বাড়তে থাকে। প্রাথমিক চিকিৎসায় সেরে না ওঠায় হাসপাতালে ভর্তি হয়েছি।’
এদিকে এই ঘটনায় কনেপক্ষের লোকজনও অসুস্থ হয়েছেন বলে জানা গেছে। তাঁদেরও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকতার আলম বলেন, খাদ্যে বিষক্রিয়ার কারণে এ অবস্থা হয়েছে। তিনি বলেন, গতকাল দুপুরে তিলকপাড়া গ্রামের চিকিৎসকদের একটি দল পাঠানো হয়েছে। টিমের সদস্যরা গ্রামের লোকজনকে চিকিৎসাসেবা দিচ্ছেন। এ পর্যন্ত ৯১ জন রোগীকে চিকিৎসাসেবা, ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলে তিনি জানান।