বিয়ের আসর থেকে বর ও কনের বাবা জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবারের লোকজন জোর করেই নবম শ্রেণির ছাত্রীকে বিয়ে দিচ্ছিলেন। এ খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে অভিযান চালানো হয়। বিয়ের আসরেই বসানো হয় ভ্রাম্যমাণ আদালত। বাল্যবিবাহের অপরাধে আদালত ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন বর ও কনের বাবাকে।
পাবনার ভাঙ্গুড়া উপজেলার মন্ডতোষ ইউনিয়নের উত্তর মেন্দা গ্রামে গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলার ইউএনও শামসুল আলম।
ভাঙ্গুড়া থানার ওসি আবু জাফর জানান, মেয়েটি পড়ালেখায় ভালো। স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ে। হঠাৎ করে এক সপ্তাহ আগে মেয়েটির বাবা তার স্কুলে যাওয়া বন্ধ করে দেন। ঈশ্বরদী উপজেলার সারাই কান্দি গ্রামের জালাল উদ্দিনের ছেলে ফিরোজ মাহমুদের (২২) সঙ্গে বিয়ে ঠিক করেন। স্থানীয় কাজি বিয়ে পড়াতে রাজি না হওয়ায় বর ও কনের বাবা গোপনে বুধবার সকালে একজন আইনজীবীর মাধ্যমে বিয়ে নিবন্ধন করান। এরপর বৃহস্পতিবার রাতে কন্যা বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন। এলাকাবাসী বিষয়টি থানা ও ইউএনওর কার্যালয়কে অবগত করেন। পরে ইউএনওর নেতৃত্বে একদল পুলিশ মেয়েটির বাড়িতে যায়। সেখানে ঘটনার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে গোপনে বাল্যবিবাহ দেওয়ার অপরাধে বর ও কনের বাবাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে বিয়েটি বাতিল করার জন্য উভয় পরিবার লিখিত অঙ্গীকার করেছে। গতকাল শুক্রবার সকালে সাজাপ্রাপ্ত দুজনকেই কারাগারে পাঠানো হয়েছে।
ওসি আবু জাফর বলেন, শেষ পর্যন্ত বর ও কনের বাবা তাঁদের ভুল বুঝতে পেরেছেন। যেহেতু বয়স গোপন করে বিয়ে নিবন্ধন করা হয়েছিল, সেহেতু বিয়েটা আপনাআপনি বাতিল বলে গণ্য হবে। এরপর মেয়ের বসয় ১৮ বছর পূর্ণ হলে তারা ইচ্ছা করলে আবার বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারবে। ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়েকে স্কুলে যেতে দেওয়া হবে বলেও পরিবার জানিয়েছে। বিয়ে বন্ধ হওয়ার পর মেয়েটি জানিয়েছে, সে পড়ালেখা করতে চায়। পরিবারের লোকজন তার অমতেই বিয়ের আয়োজন করেছিল। বিয়েটা বন্ধ হওয়ায় সে খুশি হয়েছে। এখন থেকে আবার স্কুলে যাবে।