বিয়ের আসরে ১৫ বছরের বরের কারাদণ্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় বিয়ে করতে আসা ১৫ বছরের এক কিশোরকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কিন্তু আইনজীবীরা বলছেন, অপ্রাপ্তবয়স্ক কাউকে কারাগারে পাঠানো যায় না।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদুর রহমান। তিনি এ প্রসঙ্গে বলেন, ‘নিয়ম মেনেই সাজা দেওয়া হয়েছে। কারা কর্তৃপক্ষ ওই কিশোরকে সংশোধনী প্রতিষ্ঠানে পাঠানোর উদ্যোগ নেবে।’
দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের কাদিপুরে গত সোমবার সন্ধ্যায় এ সাজা দেওয়া হয়। সাজাপ্রাপ্ত কিশোর সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের বাসিন্দা। তার সঙ্গে অষ্টম শ্রেণির এক ছাত্রীর (১৩) বিয়ে হওয়ার কথা ছিল।
সোমবার দুপুরের পর বিয়ের অনুষ্ঠান চলাকালে বিষয়টি জানতে পারেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমান। তিনি উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রাজকুমার পাল ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেনকে নিয়ে সেখানে যান। ইউএনও বর ও কনের নিবন্ধন সনদ দেখতে চান। কোনো পক্ষই তা দেখাতে না পারলে বর ও দুই ঘটককে আটক করা হয়। কিন্তু নিকাহ নিবন্ধক পালিয়ে যান।
আটকের পর সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিবাহ নিরোধক আইনে তাঁদের কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্ত ঘটক দুজন হলেন লিটন হোসেন (৩৪) ও রমজান আলী (৩৬)। তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
বর কিশোর হওয়ায় তাকে কারাগারে পাঠানো যায় কি না, এমন প্রশ্নের জবাবে জ্যেষ্ঠ আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির
সাবেক সভাপতি এম এম শাহজাহান মুকুল জানান, অপ্রাপ্তবয়স্ক অপরাধীকে অবশ্যই সংশোধনী প্রতিষ্ঠানে পাঠাতে হবে, কারাগারে পাঠানো যাবে না।