বিয়ের প্রলোভনে ধর্ষণ, অতঃপর...
বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে (১৬) ধর্ষণ করেন ইছা আলী (৩৭) নামের এক ব্যক্তি। কিন্তু তিনি ওই কিশোরীকে বিয়ে করেননি। এ ঘটনায় থানায় মামলা হয়। একপর্যায়ে ওই কিশোরী একটি কন্যাসন্তানের জন্ম দেয়। পরে মামলার আলামত নষ্ট করার জন্য ইছা আলী শিশুসন্তানকে অপহরণ করেন বলে অভিযোগ করেছে কিশোরীর পরিবার।
স্থানীয় সূত্রের বিবরণ অনুযায়ী, বিবাহিত ইছা আলী বিয়ের প্রলোভন দেখিয়ে পাশের বাড়ির এক দিনমজুরের কিশোরী মেয়ের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে তিনি ওই কিশোরীকে ধর্ষণ করেন।
মেয়েটির পরিবার ও পুলিশ সূত্র জানায়, এই ঘটনায় ওই কিশোরীর মা ২০১২ সালের ৫ মে নারী ও শিশু নির্যাতন দমন আইনে জামালপুরের মেলান্দহ থানায় ইছা আলীকে প্রধান আসামি করে মামলা করেন। মেলান্দহ থানার পুলিশ তদন্ত শেষে ২০১২ সালের ২১ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে।
ওই কিশোরীর পরিবারের অভিযোগ, মামলার আলামত নষ্ট করার জন্য গত ৫ মে গভীর রাতে ওই কিশোরীর পাঁচ মাসের শিশুটিকে অপহরণ করা হয়। এ ব্যাপারে ওই কিশোরী মেলান্দহ থানায় ইছা আলীকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে মামলা করে।
মামলার দুই দিনের মাথায় ইছা আলীকে পুলিশ গ্রেপ্তার করে। ১২ জুলাই তাঁর বাবা কালা মণ্ডল ও মা মনোয়ারাকে এবং তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী ৪ আগস্ট আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশ এখনো শিশুটিকে উদ্ধার করতে পারেনি।
মামলার তদন্ত কর্মকর্তা সহকারী পরিদর্শক (এসআই) মো. তাহেরুল ইসলাম বলেন, শিশুটিকে উদ্ধারের জন্য তাঁরা জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।