বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় স্কুলছাত্রীকে অপহরণ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার একটি গ্রাম থেকে গত শনিবার রাতে এক স্কুলছাত্রীকে (১৫) অপহরণ করা হয়েছে। সে স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।
পুলিশ, গ্রামবাসী ও ওই ছাত্রীর পরিবার জানায়, শনিবার রাতে অপহরণের আগে সে তার চাচির সঙ্গে বাড়ির একটি কক্ষে ঘুমাচ্ছিল। রাত ১০টার দিকে জাম্বুরাছড়া গ্রামের সোহেল মিয়া, জামাল মিয়া, ফরিদ উদ্দিনসহ আরও কয়েকজনের সহযোগিতায় সফিক মিয়া ঘুম থেকে ডেকে জোর করে মেয়েটিকে তুলে নিয়ে যায়।
ওই ছাত্রীর মায়ের অভিযোগ, শ্রীমঙ্গল সদর ইউনিয়নের মুসলিমবাগ গ্রামের সফিক মিয়া (৩৫) কয়েক মাস আগে তাঁর মেয়েকে বিয়ের প্রস্তাব দেন। প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তাঁর মেয়েকে অপহরণ করেন। সফিক পেশায় গাড়িচালক।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ বলেন, কিশোরীর মা রোববার রাতে এ ঘটনায় মামলা করেছেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তার ও কিশোরীকে উদ্ধারের চেষ্টা করছে।