জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, বিয়ের বয়স কমানো হলে তা হবে শিশু অধিকারের পরিপন্থী। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল শনিবার জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত এক সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
দ্য ডেইলি স্টার সেন্টারে আয়োজিত ওই সেমিনারে মিজানুর রহমান বলেন, যখন প্রথম মেয়েদের বিয়ের বয়স পুনর্নির্ধারণের আলোচনা শুরু হয়, তখনই জাতীয় মানবাধিকার কমিশন লিখিত বিবৃতিতে সরকারকে জানিয়েছে, এ সিদ্ধান্ত কমিশনের কাছে গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, কমিশন এখনো আগের অবস্থানে অনড় আছে। প্রয়োজনে কমিশন আবারও তার অবস্থানের কথা জানাবে।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সুলতানা কামাল বলেন, দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখা সত্ত্বেও নারীরা এখনো তাদের অধিকার ও প্রাপ্য মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছে। নারীর উন্নয়নে পুরুষদের সচেতন করা জরুরি।
মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, নারীরা ঘরেও নিরাপদ নয়। তাই পরিবার থেকেই নারীদের সম্মান দেওয়ার শিক্ষা শুরু করতে হবে।
বাংলাদেশ মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাখী দাস পুরকায়স্থ ধর্মের রাজনৈতিক ব্যবহার এবং মৌলবাদের উত্থান নারীর ক্ষমতায়নের পথে বাধা বলে উল্লেখ করেন।