বিয়ের বয়স কমানো ঠিক হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাল্যবিবাহ মোকাবিলায় আন্তর্জাতিক বিধিনিষেধের সঙ্গে সংগতি রেখে বাংলাদেশে বিয়ের বয়স ন্যূনতম ১৮ বছর করা উচিত। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) গত রোববার নিজস্ব ওয়েবসাইটে এক বিবৃতিতে এ মন্তব্য করেছে।
সম্প্রতি সংবাদমাধ্যমের খবরে এ রকম ইঙ্গিত দেওয়া হয়েছে, মেয়েদের বিয়ের বয়স ন্যূনতম ১৬ ও ছেলেদের ১৮ বছর করতে মন্ত্রিসভা বিদ্যমান আইন সংশোধনের বিষয়টি বিবেচনা করছে। আর এমন খবরের প্রেক্ষাপটেই নিউইয়র্কভিত্তিক এইচআরডব্লিউ এ বিবৃতিটি দিল।
সংগঠনটির ভাষ্য, মেয়েদের বাল্যবিবাহ হ্রাসে বাংলাদেশ সরকারের বর্ণিত লক্ষ্যের বিপরীত, প্রস্তাবিত ওই সংশোধনী। গত জুলাইয়ে লন্ডনে অনুষ্ঠিত নারী শীর্ষ সম্মেলনে বাল্যবিবাহ হ্রাস ও শেষ পর্যন্ত তা বন্ধে পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২১ সালের মধ্যে ১৫ বছরের কম বয়সী মেয়েদের বিয়ের ঘটনা বন্ধ করা এবং ১৫ থেকে ১৮ বছর বয়সী মেয়েদের বিয়ের ঘটনা এক-তৃতীয়াংশের বেশি কমিয়ে আনার ব্যাপারেও প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন তিনি।
বিবৃতিতে আরও বলা হয়, ২০৪১ সালের মধ্যে সব ধরনের বাল্যবিবাহ (ছেলেমেয়ে-নির্বিশেষে) বন্ধ করারও অঙ্গীকার করেছে বাংলাদেশ। শিশুবিবাহ নিয়ে ২০১৫ সালের আগেই একটি জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন এবং এ বিষয়ে সামাজিক রীতিনীতির পরিবর্তনে অন্যান্য পদক্ষেপ গ্রহণ ও শিশুবিবাহের বিরুদ্ধে লড়াইয়ে সুশীল সমাজকে জড়িত করার ক্ষেত্রেও প্রতিশ্রুতিবদ্ধ এ সরকার।
সরকারের এমনই নানা অঙ্গীকার ও প্রতিশ্রুতির কথা উল্লেখ করে এইচআরডব্লিউর নারী অধিকারবিষয়ক পরিচালক লাইসল গার্নথলজ জানান, মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর করা হবে এক ভয়াবহ পদক্ষেপ। বাংলাদেশে বাল্যবিবাহের হার এমনিতেই বেশি। তাই প্রস্তাবিত নতুন আইনে ছেলে ও মেয়ে উভয়ের ক্ষেত্রেই এ বয়স নিদেনপক্ষে করা উচিত ১৮ বছর। এ ছাড়া আইনের সব ধারাতেই উচিত শিশুদের সর্বোত্তম স্বার্থের বিষয়টিকে মুখ্য করে তোলা।
জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের তথ্যমতে, নাইজারের পর বিশ্বে বাংলাদেশেই বাল্যবিবাহের হার সর্বাধিক।