বিয়ের বয়স কমানো শুভঙ্করের ফাঁকি হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার বিয়ের ন্যূনতম বয়স মেয়েদের ১৮ থেকে ১৬ এবং ছেলেদের ২১ থেকে ১৮ বছর করতে চাচ্ছে। তবে এভাবে বাল্যবিবাহ কম দেখানোর জন্য সরকারের যে প্রবণতা, তা শুভঙ্করের ফাঁকিতে পরিণত হবে।
আজ বুধবার জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম এবং ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ‘বাল্য বিয়েই কন্যাশিশুর স্বাভাবিক জীবনের অন্তরায়’ শীর্ষক এক সচেতনতামূলক বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠানে আলোচকেরা এসব কথা বলেন।
গত ১৫ সেপ্টেম্বর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সাজা ও জরিমানার পরিমাণ বাড়িয়ে ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৪’-এর খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়। একই সভা থেকে ১৯২৯ সালের বিদ্যমান আইন অনুযায়ী ছেলেদের বিয়ের ন্যূনতম বয়স ২১ থেকে ১৮ এবং মেয়েদের ১৮ থেকে ১৬ করা যায় কি না, তা পর্যালোচনা করার জন্য আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ (অনুশাসন) দেওয়া হয়।
আজ জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানের আলোচনাতেও সরকারের এ ধরনের চিন্তাভাবনার বিষয়টি আলোচিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ বলেন, রাতারাতি কোনো আইন প্রণয়ন করা যুক্তিযুক্ত নয়। তাই বাল্যবিবাহ প্রতিরোধ আইনটি প্রণয়নের ক্ষেত্রেও সবার মতামতের গুরুত্ব রয়েছে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি সেন্ট্রাল উইমেন্স ইউনির্ভাসিটির সোশিওলজি অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মালেকা বেগম বলেন, বিভিন্ন জরিপে বাল্যবিবাহের হারের দিক থেকে বাংলাদেশ শীর্ষে উঠে এসেছে। শুধু সেই কারণেই যদি সরকারের মাথাব্যথা হয় এবং সরকার ছেলে ও মেয়ের বিয়ের ন্যূনতম বয়স কমিয়ে ১৮ ও ১৬ করতে চায়, তা হবে শুভঙ্করের ফাঁকি। রাষ্ট্রকে ভাবতে হবে বিয়ের বয়স কমিয়ে দিয়ে বাল্যবিবাহ হচ্ছে না বললেই সমস্যার সমাধান হবে না। সমস্যা সমাধানে আইনের প্রয়োগের পাশাপাশি নারী-পুরুষের মধ্যে সমতা তৈরিসহ বিভিন্ন দিকে নজর বাড়াতে হবে।
মালেকা বেগম বলেন, ১৬ বছরের একটি মেয়েকে বিয়ে দিলে তাকে ভোটারও করতে হবে। ১৯২৯ সালের বিদ্যমান আইন অনুযায়ী ছেলেদেরও বিয়ের বয়স ২১ বছর রাখা এবং দরিদ্র ছেলে শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তির আওতায় আনার সুপারিশ করেন তিনি।
আলোচনার শুরুতেই মালেকা বেগম বাল্যবিবাহ নিয়ে সরকারের চিন্তাভাবনার প্রতিবাদ করে নিজে কালো ফিতা ধারণ করেন এবং অন্যদেরও তা ধারণ করার জন্য আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ছাড়া অন্যরা তা ধারণ করেন।
পর্যালোচক অতিথি হিসেবে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি বদিউল আলম মজুমদার বলেন, বাল্যবিবাহের মাশুল পুরো জাতিকেই দিতে হয়। মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৬ বছর করার সরকারের চিন্তাভাবনা সবাইকেই কোন ফাঁদের দিকে ঠেলে দিচ্ছে, তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন তিনি।
জাতিসংঘ সিডও কমিটির সাবেক চেয়ারম্যান সালমা খান বলেন, পুরুষতান্ত্রিক সমাজ-ব্যবস্থায় কন্যাশিশুর ওপর বাল্যবিবাহের বোঝা চাপিয়ে দেওয়া হয়। কিছু বুঝে ওঠার আগেই তারা অপুষ্ট শিশুর জন্ম দেয়, যা জাতির জন্য একটি ক্ষতিকর বিষয়। তাই সবাইকে বাল্যবিবাহের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী। এতে শুভেচ্ছা বক্তব্য দেন জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সম্পাদক নাছিমা আক্তার।
সংসদীয় পদ্ধতিতে অনুষ্ঠিত এ বিতর্ক প্রতিযোগিতায় সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল এবং সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে ।
বিতর্ক প্রতিযোগিতা শেষে বিতার্কিকদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট, সনদ ও প্রাইজবন্ড তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।