বিয়ের বয়স কমানোর খবরে উদ্বেগ
বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৪-এ বিয়ের বয়স কমানোর বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়ার ঘটনায় একাধিক মানবাধিকার, সামাজিক ও নারী সংগঠন উদ্বেগ প্রকাশ করেছে। গতকাল বুধবার সংবাদপত্রে পাঠানো বিবৃতির মাধ্যমে তারা এ উদ্বেগ জানায়।
৬৮টি নারী, মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের মোর্চা সামাজিক প্রতিরোধ কমিটি বিবৃতিতে বলেছে, মেয়েদের বিয়ের বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ বছর করা হলে তা আন্তর্জাতিকভাবে স্বীকৃত শিশুর যে বয়স ১৮ বছর আছে, তার সঙ্গে সাংঘর্ষিক হবে। আয়শা খানম স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, মেয়েদের বিয়ের বয়স কমালে নেতিবাচক প্রভাব পড়বে নারীর স্বাস্থ্য ও ক্ষমতায়নের ওপর। পাশাপাশি এতে নারীর প্রতি সহিংসতার ঝুঁকিও বাড়বে।
পৃথক বিবৃতিতে আইন ও সালিশ কেন্দ্র (আসক) বলেছে, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৪-এ অনুমোদিত বিয়ের বয়স প্রচলিত জাতীয় ও বিভিন্ন আন্তর্জাতিক আইনসমূহের সঙ্গে সাংঘর্ষিক এবং বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে বৈবাহিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও অসংগতিপূর্ণ।
বাংলাদেশ নারী প্রগতি সংঘ বিয়ের বয়স কমানোর সরকারি উদ্বেগে গভীর উদ্বেগ ও বিস্ময় প্রকাশ করে বলেছে, কম বয়সে বিয়ে হলে উন্নয়ন কর্মকাণ্ড থেকে কন্যাশিশুরা বাদ পড়বে। তাদের অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার ক্ষমতা ও সুযোগ কমে যাবে। এ তিনটি সংগঠনই বিয়ের বয়স না কমানোর জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে।
১৫ সেপ্টেম্বর ২০১৪ মন্ত্রিপরিষদ সভায় বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৪-এর খসড়া অনুমোদিত হওয়ার পর বিয়ের বয়স মেয়েদের ক্ষেত্রে ১৮ থেকে কমিয়ে ১৬ বছর এবং ছেলেদের ২১ থেকে কমিয়ে ১৮ করার বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেয় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।
গত মঙ্গলবার বাংলাদেশ মহিলা পরিষদ, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতিসহ বেশ কয়েকটি সংগঠন মন্ত্রণালয়ের নির্দেশের ব্যাপারে উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছিল।