বিয়ের বয়স নিয়ে বিতর্ক ইতিবাচক: চুমকি
বিয়ের বয়স নিয়ে এখন যে বিতর্ক চলছে তা ইতিবাচক বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি । আজ বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক সম্মেলনে প্রতিমন্ত্রী এই মন্তব্য করেন।
মেহের আফরোজ বলেন, ‘বাল্যবিয়ে বন্ধে সরকার নতুন আইন করছে। বিয়ের বয়স ১৮ না ১৬, এ নিয়ে ডিবেট (বিতর্ক) চলছে। এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। আইনটি নিয়ে আলোচনা হচ্ছে। এরপর যা করণীয় তা-ই করা হবে।’
তৃণমূলের কয়েক হাজার নারী সংগঠকের মোর্চা বিকশিত নারী নেটওয়ার্কের পঞ্চম বার্ষিক সম্মেলনে বিয়ের বয়স কমানো নিয়ে সরকারের সাম্প্রতিক প্রস্তাবের তীব্র প্রতিবাদ জানানো হয়। মোর্চাটি মেয়েদের ক্ষেত্রে বিয়ের বয়স ১৮ ও ছেলেদের ক্ষেত্রে ২১ বহাল রাখারও দাবি জানায়।
সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানিত ফেলো ও গবেষক রওনক জাহানও তাঁর বক্তৃতায় বিয়ের বয়স কমানোর প্রস্তাবের সমালোচনা করেন। তিনি বলেন, ‘বিয়ের বয়স কমানো হলে দেশকে পেছনে নেওয়া হবে। কে এ প্রস্তাব করেছে আমি জানি না, তবে এটা বদল করতে হবে।’
সম্মেলনে নারী নেত্রীরা নারীর প্রতি সহিংসতা বাড়ার অভিযোগ করেন। তাঁরা বলেন, চলতি বছরের প্রথম ছয় মাসে দেশে ধর্ষণের ঘটনা ঘটেছে ৪৩১টি, ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৪৫ জনকে। ইউনিসেফের সাম্প্রতিক দুটি প্রতিবেদন অনুযায়ী বাল্যবিবাহ ও কিশোরী নির্যাতনের দিক থেকে বাংলাদেশের অবস্থান শীর্ষে।
প্রতিমন্ত্রী নারী নির্যাতন বৃদ্ধির এই ঘটনা সাময়িক বলে মন্তব্য করেন। তিনি মৌলবাদীদের রুখতে এবং যারা ধর্মের অপব্যাখ্যা করে, তাদের বিরুদ্ধে নারীনেত্রীদের সোচ্চার হওয়ার আহ্বান জানান।
বিশিষ্ট লেখক গোলাম মুর্শিদ বলেন, মৌলবাদীরা নারীদের অগ্রযাত্রাকে ব্যাহত করার চেষ্টা করছে। কিন্তু নারীরা বাইরে বেরিয়ে এসেছে, চেষ্টা করলেও তাদের আর পেছনে ঠেলে দেওয়া যাবে না।
অনুষ্ঠানে হাঙ্গার প্রজেক্টের গ্লোবাল বোর্ড অব ডিরেক্টরের প্রধান ওসা স্কগসটর্ম ফেলত ও অপর ডিরেক্টর ভারতের প্ল্যানিং কমিশনের সাবেক সদস্য সাইদা হামিদ বাংলাদেশের নারীদের অগ্রযাত্রার প্রশংসা করেন। আরও বক্তব্য দেন বিকশিত নারী নেটওয়ার্কের সভাপতি রাশিদা আক্তারসহ বিভিন্ন জেলা থেকে আসা নারী উদ্যোক্তা ও সংগঠকেরা।
নারীদের রাজনীতিতে আসার পথ তৈরি করেছেন হাসিনা
প্রতিমন্ত্রী মেহের আফরোজ সম্মেলনে উপস্থিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সদস্যদের উদ্দেশে বলেন, ‘১৯৯৭ সাল থেকে নারীদের সরাসরি রাজনীতিতে আসার সুযোগ সৃষ্টি হয়েছে। এই কৃতিত্ব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এই কথাটা আপনাদের বলতে হবে। সত্য কথা বলুন। নইলে পিছিয়ে পড়বেন। মনে রাখবেন, রাজনীতিই সমাজসেবার সবচেয়ে বড় প্ল্যাটফরম।’ তিনি বলেন, নির্বাচিত হয়েও নারী জনপ্রতিনিধিরা বৈষম্যের শিকার হচ্ছেন বলে তিনি জানতে পেরেছেন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কাজে নারী জনপ্রতিনিধিদের সম্পৃক্ত হওয়ার পরামর্শ দেন তিনি।
রিজওয়ানা ও সারা হোসেনকে সম্মাননা প্রদান
সম্মেলনে কাজের ক্ষেত্রে অসাধারণ কৃতিত্বের জন্য বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান ও আইনজীবী সারা হোসেনকে ক্রেস্ট দেওয়া হয়। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, তিনি মানুষের কল্যাণের জন্য সব ধরনের ঝুঁকি নিতে প্রস্তুত আছেন। সারা হোসেন অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা ফুটবল দলের সদস্যদের ছবি সরবরাহ করেন। তিনি বলেন, এই ছবির মাধ্যমে যে বার্তাটি দেওয়া হচ্ছে তা হলো, বাল্যবিবাহ বন্ধ হলে সুযোগ-সম্ভাবনা তৈরি হয়।