আদিবাসীদের বিয়ের স্বীকৃতি দেয় সমাজ। তবে মৌজাপ্রধানদের (হেডম্যান) তত্ত্বাবধানে বিয়ের সনদ দেওয়া এবং তা নথিভুক্ত করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন চাকমা সার্কেল-প্রধান রাজা দেবাশীষ রায়। তিনি বলেন, বিয়ের সনদের প্রচলন হলে তা আদিবাসী সমাজের জন্য ইতিবাচক হবে।
গতকাল বৃহস্পতিবার সকালে রাঙামাটিতে ‘আদিবাসীদের বিবাহ রেজিস্ট্রার ও সামাজিক বিচার গাইডলাইন’ বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্যে দেবাশীষ রায় এসব কথা বলেন।
দেবাশীষ রায় বলেন, মানুষ যা মেনে চলে, তা-ই প্রথাগত আইন। তবে প্রথাগত আইনের মৌলিক বিষয়গুলো মানবাধিকারে আন্তর্জাতিক ও দেশীয় আইনের মানদণ্ডের সমতুল্য হওয়া দরকার।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তা প্রকল্পের সহায়তায় বেসরকারি সংস্থা সোসাইটি ফর ইন্টিগ্রেটেড উইমেন প্রোগ্রেস (এসআইডব্লিউপি) এ সভার আয়োজন করে। রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন এসআইডব্লিউপির সভাপতি তনয় দেওয়ান।
বক্তারা বলেন, বিয়ের সনদ চালুর মাধ্যমে নারীদের প্রতি প্রতারণামূলক আচরণ, নির্যাতন বন্ধসহ বিভিন্ন সামাজিক সমস্যা দূর করা যেতে পারে।
সভায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য স্নেহ কুমার চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সাধন মণি চাকমা প্রমুখ বক্তব্য দেন।