বিরক্ত রাজধানীর মানুষ, 'হিজড়া'দের দাবি তাঁরা নিরুপায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাফিক সিগন্যালে সারি সারি রিকশা, ব্যক্তিগত গাড়ি, অটোরিকশা দাঁড়িয়ে। এর মধ্যেই তিন হিজড়া টাকা তুলতে শুরু করলেন রিকশা থেকে। কেউ কেউ তাঁদের হাতে টাকা গুঁজে দিচ্ছিলেন বটে। তবে মুখ দেখে মনে হয়নি তাঁরা খুশিমনে দান করছেন। সম্প্রতি রাজধানীর গ্রিন রোডে এই দৃশ্য চোখে পড়ে।
অনেকেই হিজড়াদের পথচলতি উপদ্রব বলে মনে করেন। তবে হিজড়ারা বলছেন টাকা না তুলে তাঁরা নিরুপায়। তাঁদের আয়-রোজগারের কোনো সুযোগ নেই। বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় ২০০৪ সালে একটি জরিপ করেছিল। ওই জরিপে হিজড়াদের সংখ্যা ১৫ হাজার বলে উল্লেখ করা হয়েছিল। তবে হিজড়াদের দাবি, শুধু ঢাকা শহরেই কমপক্ষে ৩০ হাজার হিজড়া আছে। হিজড়ারা বলেন, গ্রামাঞ্চলে কিংবা জেলা শহরগুলোয় হিজড়াদের একঘরে হয়ে থাকতে হয়। সে কারণে তাঁরা মহানগরগুলোয় চলে আসেন। এদিক থেকে ঢাকা তাঁদের সবচেয়ে পছন্দ। ঢাকায় যাঁরা থাকেন তাঁদের একটি বড় অংশ বিভিন্ন অফিস-আদালত-ব্যাংক-দোকানপাট ও যাত্রীদের কাছ থেকে টাকা তোলেন।
কারওয়ান বাজারে একটি ব্যাংকের নিরাপত্তারক্ষী মো. রিপন প্রথম আলোকে বলেন, ‘টাকা না দিলে ওরা এমন চিল্লাপাল্লা করব। সামলাইব কে। টাকাপয়সা দিয়া দেওয়াই ভালো।’ ওই একই এলাকার দোকান জলসা কনফেকশনারি। দোকানি সাখাওয়াত হোসেন বলেন, ‘প্রত্যেক রোববার আসে টাকা তুলতে। ধরেন কাস্টমার আছে। টাকা না দিলে এমন গালাগালি করে। কী করব। টাকা দিয়ে দিই।’
রাজধানীর কারওয়ান বাজারের মতো মিরপুর ও উত্তরার বাসিন্দারাও একই অভিযোগ করেছেন। মিরপুরের বাসিন্দা ওয়াসিম সুজয় বলেন, বনানী সৈনিক ক্লাবের সামনে একদিন কয়েকজন হিজড়া বাসে ওঠেন। তারপর সবার থেকে টাকা তোলা শুরু করেন তাঁরা। না দিলে নানা অঙ্গভঙ্গি করতে শুরু করেন। উত্তরার ১৪ নম্বর সেক্টরে হয়রানির শিকার হন এক নারী। তিনি তাঁর সদ্যোজাত শিশুর কাঁথা মেলছিলেন বাড়ির বারান্দায়। হঠাৎ দেখেন কয়েকজন হিজড়া পাইপ বেয়ে দোতলায় তাঁর বাড়ির দিকে আসছে। সে দফায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে ছাড়া পান তিনি।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম প্রথম আলোকে বলেন, হিজড়াদের উপদ্রবের কথা তিনি জানেন। হিজড়ারা যেন আর সবার মতো স্বাভাবিক জীবন যাপন করতে পারে সে জন্য সরকার স্কুলপর্যায়ে উপবৃত্তি দিচ্ছে, বয়স্কদের প্রতি মাসে ভাতা দিচ্ছে। হিজড়াদের সমাজের মূল স্রোতে আনতে বড় কর্মসূচি নেওয়ার চিন্তাভাবনা সরকারের আছে।
তবে এসব প্রশিক্ষণ খুব একটা কাজে আসছে না বলে দাবি হিজড়াদের। গ্রিন রোডেই কথা হয় সুমাইয়া নামে এক হিজড়ার সঙ্গে। সুমাইয়ার বাড়ি দিনাজপুরে। তিনিও বিউটি পারলারে কাজ করার প্রশিক্ষণ নিয়েছেন। কিন্তু কেউ কাজ দেয় না। প্রথম আলোকে তিন বলেন, ‘আমার এক ভাবির একটা পারলার আছে। সেখানে কাজ নিয়েছিলাম। কিন্তু আমাকে দেখলে আর কেউ দোকানে ঢোকে না। আবারও রাস্তায় নামছি।’ তাঁরা বলেন, দিনে তাঁদের রোজগার শ পাঁচেক টাকা। তার তিন শ টাকাই ‘অভিভাবক’ কে দিতে হয়। দুশো টাকায় কোনো রকমে জীবন চালান। তাঁরা মনে করেন শুধু প্রশিক্ষণ দিলেই হবে না। আর পাঁচটা মানুষের মতো তাঁরাও সমাজের অংশ, এ কথাটা যত দিন না সব মানুষ ভাবতে পারছে তত দিন তাদের দুর্গতি শেষ হবে না।