বিরতিহীন গাড়িতে অন্তহীন দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট থেকে সুনামগঞ্জ ও দিরাইগামী ‘বিরতিহীন’ বাসে লোকাল গাড়ির মতো যাত্রী পরিবহন করা হয় বলে অভিযোগ উঠেছে। সিলেটের কুমারগাঁও বাসস্ট্যান্ড থেকে সুনামগঞ্জ জেলা সদরসহ দিরাই ও ছাতক উপজেলায় এসব বাস চলাচল করে।যাত্রীদের অভিযোগ, এসব বাসে চালকের সহযোগীরা গাড়ি ‘বিরতিহীন’ দাবি করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করেন। কিন্তু গাড়িগুলোতে লোকাল গাড়ির মতো রাস্তার যত্রতত্র থামিয়ে যাত্রী উঠানো হয়। এতে যাত্রীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সরেজমিনে গিয়ে গতকাল বুধবার দুপুরে দেখা যায়, সুনামগঞ্জ ও দিরাইগামী গাড়িগুলোতে যাত্রীদের পাশাপাশি মাছ, গবাদিপশুসহ বিভিন্ন মালামাল পরিবহন করা হচ্ছে। প্রায় সব গাড়িতে আসনের অতিরিক্ত অনেক যাত্রীকে দাঁড় করিয়ে নেওয়া হচ্ছে।‘বিরতিহীন’ গাড়িতে চড়ে দিরাই থেকে সিলেটে আসা যাত্রী শাহীন আহমদ বলেন, দূরত্ব অনুযায়ী সোয়া দুই ঘণ্টায় দিরাই থেকে সিলেট আসা যায়। কিন্তু ‘বিরতিহীন’ গাড়ি লোকাল গাড়ির গতিতে আসায় সাড়ে তিন ঘণ্টার মতো সময় লেগেছে। দিরাইগামী যাত্রী ফজলুল হক অভিযোগ করেন, মানুষের সঙ্গে মাছ-ছাগল-মোরগ-হাঁসসহ বিভিন্ন সামগ্রীও গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। এ ছাড়া দাঁড়িয়ে ঠেলাঠেলি করে আরও জনা বিশেক যাত্রী নেওয়া হয়। সুনামগঞ্জগামী যাত্রী রিপন দাশ বলেন, ‘রাস্তায় রাস্তায় গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা করে। এটা যেন দেখার কেউ নেই।’অতিরিক্ত যাত্রী পরিবহনের বিষয়টি স্বীকার করে একজন বাসচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রায় সব গাড়িতেই এমন হয়। কারণ, এতে চালকের বাড়তি কিছু আয় হয়। সিলেট মোটর মালিক গ্রুপ আম্বারখানা শাখার সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চুনু মিয়া প্রথম আলোকে বলেন, যাত্রীদের দুর্ভোগের বিষয়টি তাঁর জানা আছে। মোটর মালিক গ্রুপের উদ্যোগে শিগগিরই এসব গাড়িতে পরিদর্শনের ব্যবস্থা চালু করা হবে। প্রতিদিন এ দুই রুট দিয়ে প্রায় ১০ হাজার যাত্রী চলাচল করে বলে সংশ্লিষ্ট বাসচালক, পরিবহন শ্রমিক সংগঠন ও যাত্রীরা জানিয়েছেন।