বিরতিহীন পরীক্ষার বিপক্ষে শিক্ষার্থীরা

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বিরতিহীন পাবলিক পরীক্ষার প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর বিরতিহীন পরীক্ষার প্রস্তাব বাতিলসহ প্রশ্ন ফাঁসকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানা তারা। ঢাকার বিভিন্ন কলেজ থেকে আগত শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেয়। গত ৩০ জুন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বিরতিহীন পাবলিক পরীক্ষা নেওয়ার কথা বলার পরই এ মানববন্ধন হলো।
আমিনুল ইসলাম নামের একজন শিক্ষার্থীর স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, ‘প্রশ্নপত্র ফাঁসের দায় প্রশাসনের। প্রশ্নপত্র ফাঁস রোধের জন্য বিরতিহীন পাবলিক পরীক্ষা কার্যকর সিদ্ধান্ত হতে পারে না। এতে শিক্ষার্থী-অভিভাবকদের ভোগান্তি বাড়বে। প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত দোষীরা পর্দার আড়ালে থেকে যায়। তাই প্রথম পদক্ষেপ হওয়া দরকার দোষীদের শাস্তি দেওয়া। প্রশ্নপত্র ফাঁসের কারণে সমাজের নৈতিক মান নীচে নেমে যায়, শিক্ষার মান ধ্বংস হচ্ছে। তাই আমরা এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আমরা ইদানীং সময় দেখছি জ্ঞান-বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে আমাদের সিলেবাস কারিকুলাম পরিবর্তন করা হচ্ছে। এখন এসএসসি/এইচএসসি স্তরে সিলেবাস আগের তুলনায় বড়। পাশাপাশি প্রতিযোগিতার কারণে প্রত্যেকটি পাবলিক পরীক্ষার আমাদের পাহাড়সম চাপ তৈরি করে। বিরতিহীন পরীক্ষা আমাদের মানসিক-শারীরিক চাপ বৃদ্ধি করবে। এ চাপে প্রত্যেক পেপারের আগে রিভিশন দেওয়ার সুযোগ কমে যাবে, গ্রুপ স্টাডি-শিক্ষকদের গাইডলাইন গ্রহণ করে অনুসরণ করায় ঘাটতি তৈরি হবে, অভিভাবকদের চাপ বাড়বে, বিশ্রামের সুযোগ থাকবে না এবং যাদের পরীক্ষা কেন্দ্র দূরে তাদের ভোগান্তি বাড়বে। তাই বিরতিহীন পরীক্ষা মেনে নেওয়া যায় না। আমরা চাই, সংকটের সুষ্ঠু সমাধান।’