বিরতিহীন পাবলিক পরীক্ষার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরতিহীন পাবলিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে গতকাল সোমবার রাজশাহী ও লালমনিরহাটে শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।
শিক্ষার্থীরা রাজশাহী শিক্ষা বোর্ডের সামনে মানববন্ধন করতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে। পরে তারা একটি মৌন মিছিল বের করে সাহেব বাজারে মানববন্ধন করে।
রাজশাহী মহানগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান জানান, শিক্ষা বোর্ডের সামনে মানববন্ধনের আয়োজন ও মাইক ব্যবহারের কোনো অনুমতি তাদের ছিল না। তার পরও তাদের মাইক বাদ দিয়ে মানববন্ধন ও মৌন মিছিল করতে দেওয়া হয়েছে।
২০১৫ সালে এইচএসসি সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে ঘোষণা দেওয়া হয়, তাদের পাঁচ দফা দাবি আদায়ে ১২ জুলাই শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হবে। দাবিগুলো হলো প্রশ্নপত্র ফাঁস অবশ্যই রোধ করতে হবে, এইচএসসি পরীক্ষার সময় পর্যাপ্ত ছুটি দিতে হবে, সব পাবলিক পরীক্ষার সময় বাড়াতে হবে, গতানুগতিক শিক্ষাপদ্ধতির ধারা অব্যাহত রাখতে হবে এবং এইচএসসি ২০১৫ ব্যাচকে বারবার বিভ্রান্ত করা যাবে না।
রাজশাহীর ২০১৫ সালের এইচএসসি শিক্ষার্থীরা তাদের আন্দোলন বেগবান করতে রাজশাহী কলেজের ছাত্র আসিফ রহমানকে আহ্বায়ক করে ২১ সদস্যের সংগ্রাম পরিষদ গঠন করেছে।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ২০১৫ সালের এইচএসসি পরীক্ষাসহ সব পাবলিক পরীক্ষার সময় কোনো ছুটি না থাকা ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময় সীমিত করা এবং শিক্ষাপদ্ধতি বারবার পরিবর্তন শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ তৈরি করছে। বিভিন্ন সময়ে হঠাৎ করে নেওয়া সরকারি সিদ্ধান্তে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। এখন সৃজনশীল পরীক্ষাপদ্ধতি হওয়ায় কোনোভাবেই দিনে দুটি পরীক্ষা দেওয়া সম্ভব নয়৷
এদিকে একই দাবিতে গতকাল সকালে লালমনিরহাট পৌরসভার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মানববন্ধন করে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয় লালমনিরহাট সরকারি উচ্চবিদ্যালয়, লালমনিরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, লালমনিরহাট সরকারি কলেজ, লালমনিরহাট মজিদা খাতুন সরকারি মহিলা কলেজ ও লালমনিরহাট আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা।