বিরতিহীন বাস চলাচল বন্ধ, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের সাইনবোর্ড-মোরেলগঞ্জ-শরণখোলা-বগি আঞ্চলিক মহাসড়ক পুনর্নির্মাণকাজ প্রায় শেষ। কিন্তু এই মহাসড়কের শরণখোলা-বাগেরহাট যাত্রাপথে গত জানুয়ারি থেকে সরাসরি (ডাইরেক্ট) বাস চলাচল বন্ধ রয়েছে। এতে নিত্যদিনের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
গত সোমবার দুপুরে শরণখোলাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে বাগেরহাট-শরণখোলা যাত্রাপথে আবার ‘ডাইরেক্ট’ বাস চালুর দাবি জানানো হয়।
বাগেরহাট সমিতির কয়েকজন বাসমালিক প্রথম আলোকে বলেন, শরণখোলা-মোরেলগঞ্জ বাস মালিক সমিতির প্রত্যেক সদস্য একটানা পাঁচ দিন করে নিজের বাস চালাতে পারতেন। কিন্তু বাগেরহাটের সমিতি সব মালিককে বঞ্চিত করে একটি প্রভাবশালী মহল মুক্তি পরিবহন নামের একটি বাস একনাগাড়ে সাত বছর ধরে এই যাত্রাপথে চালিয়ে আসছিল। জানুয়ারির প্রথম সপ্তাহে মুক্তি পরিবহন বাসটি বন্ধ করা হয়। তখন সমিতিগুলোর অভ্যন্তরীণ রেওয়াজ অনুযায়ী, এই যাত্রাপথের অপর বাসটিও বন্ধ হয়ে গেছে।
বাস মালিক সমিতির সূত্রে জানা গেছে, বাগেরহাট থেকে মোরেলগঞ্জের পানগুছি নদীর উত্তর পাড়ে অবস্থিত সলুমবাড়ি বাসস্ট্যান্ডের দূরত্ব প্রায় ১৯ কিলোমিটার। এই যাত্রাপথে বাগেরহাট, মোরেলগঞ্জ ও শরণখোলার তিনটি বাস মালিক সমিতির শতাধিক লোকাল বাস চলাচল করে। বাগেরহাট থেকে সলুমবাড়ি পর্যন্ত জনপ্রতি ভাড়া ৫০ টাকা। পানগুছি নদীর অপর পাড়ে মোরেলগঞ্জ পৌরসভার নব্বইরশি বাসস্ট্যান্ড থেকে শরণখোলা বাসস্ট্যান্ড পর্যন্ত দূরত্ব প্রায় ২৩ কিলোমিটার। এই পথে চলাচল করে শরণখোলা ও মোরেলগঞ্জের মালিক সমিতির বাস। ভাড়া জনপ্রতি ৫০ টাকা।
শরণখোলা-মোরেলগঞ্জ বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. শামীম হাসান বলেন, ‘আমাদের সমিতিতে ৪৪টি গাড়ি আছে। সেই অনুপাতে যাত্রী কম। মালিকেরা লোকসানে চলছেন। এ কারণে সরাসরি বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।’
বাগেরহাট আন্তজেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম বলেন, আগামী মাসে সমিতির নিয়মিত সভায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
শরণখোলারইউএনও অতুল মণ্ডল বলেন, ‘বাগেরহাট-শরণখোলা রুটে (যাত্রাপথে) সরাসরি বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে। এ বিষয়ে অনেকে অভিযোগ করেছেন। ১৪ মার্চ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় বিষয়টি উত্থাপন করব।’