বিরল উপজেলা চেয়ারম্যান ‘সাজানো ঘটনায়’ গ্রেপ্তার!
উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ঐক্য পরিষদের নেতারা দাবি করেছেন, দেশবাসী ও সরকারের কাছে উপজেলা চেয়ারম্যানদের হেয় করতে ‘সাজানো ঘটনায়’ বিরল উপজেলা চেয়ারম্যান মো. মোকাররম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার বিকেলে দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের নেতারা এ দাবি করেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন ঐক্য পরিষদের আহ্বায়ক মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মজিদ। ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান, আফজাল হোসেন খানসহ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক (বীরগঞ্জ), রেজাউল ইসলাম (পার্বতীপুর), এ বি এম আবদুস ছাত্তার (রায়গঞ্জ-সিরাজগঞ্জ) প্রমুখ। এদিকে বিরল উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম আজাদুর রহমান।গতকালের সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের নেতারা দাবি করেন, তাঁরা ইউএনও আজাদুর রহমানের সঙ্গে কথা বলেছেন। গত ২৯ এপ্রিল ইউএনওর কার্যালয়ে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর বা কোনো গাড়ি নিয়ে বচসা হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি বলে ইউএনও তাঁদের জানিয়েছেন।নেতারা আরও বলেন, চেয়ারম্যানকে গভীর রাতে গ্রেপ্তার করে কোমরে রশি বেঁধে, হাতকড়া পরিয়ে যেভাবে আদালতে হাজির করা হয়েছে, তা নিন্দনীয়। তবে উপজেলা চেয়ারম্যানদের বক্তব্যকে মিথ্যা ও বানোয়াট উল্লেখ করে এ কে এম আজাদুর রহমান বলেছেন, ইউএনও হিসেবে তাঁকে যে প্রশ্নগুলো করা হয়েছে, তিনি তাঁর জবাব দিয়েছেন। তবে উপজেলা প্রশাসনের আর কারও বক্তব্য শোনেননি তাঁরা।বিরল উপজেলা পরিষদের একটি গাড়ি ব্যবহার করা নিয়ে চিঠি দেওয়ায় অপমানিত বোধ করে গত ২৯ এপ্রিল দুপুরে ইউএনওর কক্ষে গিয়ে তাঁকে কটু কথা বলেন এবং সেখানে ভাঙচুর চালান উপজেলা চেয়ারম্যান মোকাররম হোসেন। এ ঘটনায় ওই দিন রাতেই উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে বিরল থানায় মামলা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইছাহাক আলী সরকার। ওই মামলায় ৩০ এপ্রিল মোকাররম হোসেনকে গ্রেপ্তার করা হয়।