বিরল উপজেলা চেয়ারম্যানের দুই বছর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লাঞ্ছিত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করার মামলায় দিনাজপুরের বিরল উপজেলা চেয়ারম্যান মো. মোকাররম হোসেনকে আদালত দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। গতকাল সোমবার দিনাজপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক এ কে এম ফজলুল হক ওই রায় দেন।জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) হামিদুল হক জানান, অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক বিকেল পৌনে চারটায় দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় এই রায় দেন।আলোচিত এই মামলার রায় শুনতে সকাল থেকে আদালত প্রাঙ্গণে মোকাররম হোসেনের আত্মীয়স্বজন, সমর্থক এবং উৎসুক লোকজন ভিড় করে। আদালতে আগে থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। রায় দেওয়ার পর কড়া পুলিশি প্রহরায় আসামিকে দ্রুত জেলা কারাগারে পাঠানো হয়।বিরল উপজেলা পরিষদের আগের জিপগাড়িটি লিখিতভাবে বুঝে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে চেয়ারম্যান মোকাররম হোসেন গত ২৯ এপ্রিল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে আজাদুর রহমানকে লাঞ্ছিত করেন এবং আসবাব ভাঙচুর করেন। একপর্যায়ে দেয়ালে টাঙানো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভেঙে ফেলেন তিনি। ‘উপজেলার মালিক কে, আমি না তুই? এ রকম কথাবার্তাসহ গালাগাল করতে করতে তিনি বেরিয়ে যান।ঘটনার দিন রাতেই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসাহাক আলী বাদী হয়ে দ্রুত বিচার আইনে বিরল থানায় মামলা করেন। পরে ২ মে ইউএনও আজাদুর রহমান নিজে আরেকটি মামলা করেন।