বিরল গ্রুপের রক্ত আসার পর কামরুজ্জামানের অস্ত্রোপচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর অ্যাপোলো হাসপাতালে মোহাম্মদ কামরুজ্জামানের অস্ত্রোপচার শুরু হয়েছে। গত শনিবার বিমানে করে ভারতের মুম্বাই থেকে তাঁর জন্য বিরল ‘বোম্বে’ গ্রুপের চার ব্যাগ রক্ত আনা হয়। বিরল এই গ্রুপের রক্ত বাংলাদেশে পাওয়া যায়নি।

রক্ত পাওয়া যাচ্ছিল না বলে কামরুজ্জামানের অস্ত্রোপচার আটকে ছিল।

আরিনোবা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান গত ২০ মে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। তাঁর বাঁ পা, বাঁ হাত ও কোমর ক্ষতিগ্রস্ত হয়। ২১ মে তাঁকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। প্রতিষ্ঠানটির পরিচালক শেখ তুহিনুর আলম প্রথম আলোকে বলেন, ‘আমরা জানতাম, কামরুজ্জামানের রক্তের গ্রুপ ও পজিটিভ। রক্ত দেওয়ার জন্য অফিসের চার-পাঁচজন হাসপাতালে আসে। কিন্তু কারও রক্ত মেলেনি বলে অস্ত্রোপচার স্থগিত করার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা।’ পরে জানা যায়, তাঁর রক্তের গ্রুপ ‘ওএইচ পজিটিভ’। এই গ্রুপের রক্ত বোম্বে গ্রুপ নামে পরিচিত।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক (রক্ত কর্মসূচি) ডা. মো. তারিক মেহেদী পারভেজ বলেন, ‘বোম্বে নামের বিরল এই গ্রুপের রক্ত বাংলাদেশে কারও আছে বলে আমাদের জানা ছিল না। রোগীর আত্মীয় এবং হাসপাতালের পক্ষ থেকে যখন আমাদের সঙ্গে রক্তের জন্য যোগাযোগ করা হয়, তখন বাইরে যোগাযোগ করার পরামর্শ দিয়েছিলাম।’

কামরুজ্জামানের রক্তের নমুনা নিয়ে ১৬ জুন তুহিনুর আলম মুম্বাই যান। থিঙ্ক ফাউন্ডেশন নামে একটি বেসরকারি সংস্থার পরিচালক বিনয় শেঠি চারজন রক্তদাতার (স্বপ্না সাওয়ান্ত, কৃষ্ণানন্দ কোরি, মেহুল ভেলেকার ও প্রবীণ সিন্ধে) কাছ থেকে চার ব্যাগ রক্ত সংগ্রহ করে তুহিনুর আলমকে দেন। তুহিনুর আলম গত শনিবার মুম্বাই থেকে রক্ত নিয়ে ঢাকায় পৌঁছান।

রেড ক্রিসেন্ট সোসাইটি ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিরল এই রক্তের গ্রুপ প্রথম ধরা পড়ে ভারতের মুম্বাইতে, ১৯৫২ সালে। তখন থেকেই এই নামকরণ।