বিরল নজির জাপা ও স্বতন্ত্র সাংসদদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের ষোড়শ সংশোধনী বিল পাসের সময় জাতীয় সংসদে বিরল ঘটনার জন্ম দিয়েছেন প্রধান বিরোধী দল জাতীয় পার্টি, বিএনএফ ও স্বতন্ত্র সাংসদের কয়েকজন। তাঁরা সংবিধান সংশোধনের বিলের ওপর জনমত যাচাই এবং একে বাছাই কমিটিতে পাঠানোর নোটিশ দিয়েছেন। কিন্তু ভোটাভুটির সময় নিজেদের নোটিশের বিপক্ষেই ভোট দিয়েছেন। সংসদীয় রীতি অনুযায়ী নোটিশদাতা নিজস্ব নোটিশের পক্ষেই ভোট দেন।
১৭ সেপ্টেম্বর সংসদে সংবিধানের ষোড়শ সংশোধনী বিল পাস হয়। এর মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছ থেকে সংসদের কাছে ন্যস্ত হয়েছে। বিলটির পক্ষে ভোট পড়ে ৩২৭টি। বিপক্ষে কোনো ভোট পড়েনি।
সংসদ সচিবালয়-সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, অতীতে এত বড় ব্যবধানে সংবিধান সংশোধন বিল পাস হওয়ার কোনো নজির নেই। এর আগে ২০১১ সালের ৩০ জুন পঞ্চদশ সংশোধনী বিল পাসের পক্ষে ভোট পড়েছিল ২৯১টি। বিপক্ষে একটি ভোট দিয়েছিলেন স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম। সেই সময়ে প্রধান বিরোধী দল বিএনপি সংসদের বাইরে ছিল।
ষোড়শ সংশোধনী বিলের ওপর জনমত যাইয়ের প্রস্তাব দিয়েছিলেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ, কাজী ফিরোজ রশীদ, এম এ হান্নান, ইয়াহইয়া চৌধুরী, রওশন আরা মান্নান, নুরুল ইসলাম, জাসদের মঈন উদ্দীন খান বাদল, বিএনএফের আবুল কালাম আজাদ, স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজী, হাজি মো. সেলিম, তাহজীব আলম সিদ্দিকী ও আবদুল মতিন।
বিলটি বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব দিয়েছিলেন স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজী, হাজি মো. সেলিম, তাহজীব আলম সিদ্দিকী, আবদুল মতিন, জাতীয় পার্টির এম এ হান্নান, ইয়াহইয়া চৌধুরী, রওশন আরা মান্নান এবং বিএনএফের আবুল কালাম আজাদ।
বেশির ভাগ নোটিশদাতা বলেন, বিলটি পাস হলে বিচার বিভাগের স্বাধীনতা খর্ব হবে বলে জনমনে সংশয় আছে। সেই সংশয় দূর করার জন্য বিলটি বাছাই কমিটিতে পাঠানো এবং এর ওপর জনমত যাচাই করা উচিত।
কিন্তু সংসদে বিলের ওপর আলোচনায় এরশাদ বলেন, ‘বিলের পক্ষে বললে গৃহপালিত হয়ে যাই। মানি না বললে সত্যিকার অর্থে বিরোধী দল হতে পারব না। কিন্তু কে কী মনে করল, তাতে কিছু যায় আসে না। আমরা মুক্তিযুদ্ধের পক্ষের। তাই জাপা সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে আনার পক্ষে।’
বিলটির ওপর জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর নোটিশ দিয়েছিলেন বিএনএফের আবুল কালাম। কিন্তু তিনি সংসদে বক্তব্য দিয়েছেন উল্টো সুরে। তিনি বলেন, জনমত যাচাইয়ের জন্য সংসদই যথেষ্ট। তাঁর এই বক্তব্যের সময় সাংসদদের কেউ কেউ উচ্চ স্বরে হেসে ওঠেন।
এরপর স্পিকার বিষয়টি কণ্ঠভোটে দিলে এরশাদসহ বিরোধী দলের প্রায় সব সদস্যই উচ্চ স্বরে নিজেদের নোটিশের বিপক্ষে ভোট দেন। হাজি সেলিমের নেতৃত্বে বেশির ভাগ স্বতন্ত্র সাংসদও তাই করেন। ‘হ্যাঁ’ বা ‘না’ কিছুই না বলে চুপচাপ বসেছিলেন জাসদের মঈন উদ্দীন খান বাদল।
জানতে চাইলে জাপার সাংসদ ও শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেন, নোটিশ প্রত্যাহার না করলে নিজের নোটিশের পক্ষে ভোট দেওয়া উচিত। কিন্তু সেদিন সম্ভবত জাপার সাংসদদের অনেকেই বিষয়টি ভালোভাবে বুঝে উঠতে পারেননি। সঠিকভাবে হুইপিংও করা হয়নি। যে কারণে অনেকেিই নিজস্ব নোটিশের বিপক্ষে ভোট দিয়েছিলেন।
সংশোধনী প্রস্তাব-সম্পর্কিত নোটিশের বিষয়টিও কণ্ঠভোটে দেওয়ার পর বেশির ভাগ স্বতন্ত্র সাংসদ নিজের প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন। তবে এ ক্ষেত্রে জাপার সদস্যরা নিজেদের নোটিশের পক্ষে ভোট দেন।
বিলটি পাসের ক্ষেত্রেও জাপা দ্বিমুখী নীতি গ্রহণ করেছিল। ৩১ আগস্ট সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের কক্ষে জাপার সংসদীয় দলের বৈঠক শেষে বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেছিলেন, তাঁরা সংসদে সংবিধান সংশোধন বিলের বিরোধিতা করবেন। কিন্তু পরে দেখা গেল, তাঁরা বিলটি পাসের পক্ষে ভোট দিয়েছেন।
জানতে চাইলে বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা সরকারের খারাপ কাজের সমালোচনা, ভালো কাজের প্রশংসা করার নীতিতে আছি। শুরুতে আমরা সংবিধান সংশোধন বিলের বিরোধিতা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু বিলটি নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনার পর আমাদের মনে হয়েছে, এটি ইতিবাচক। সে জন্য জাতীয় পার্টি সিদ্ধান্ত পরিবর্তন করে।’