বিরল প্রজাতির চিতা বিড়াল ও রেসাস বানর উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন বিভাগের রাজশাহী বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ বিরল প্রজাতির একটি চিতা বিড়াল ও একটি রেসাস বানর উদ্ধার করেছে। গতকাল রোববার বিষয়টি সাংবাদিকদের জানানো হয়।
গত ২৭ ফেব্রুয়ারি রাজশাহী নগরের গণকপাড়া এলাকা থেকে বানরটি ও পাবনার ঈশ্বরদী থেকে চিতা বিড়ালটি আহত অবস্থায় উদ্ধার করা হয়।
বন বিভাগ জানায়, ২৭ ফেব্রুয়ারি ঈশ্বরদী উপজেলার মুলাডুলি বাঘহাসনা গ্রামের লোকজন চিতা বিড়ালটিকে ধরে একটি বাড়িতে আটকে রাখেন। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা সেটি উদ্ধার করেন। চিতা বিড়ালটির দৈর্ঘ্য লেজসহ তিন ফুট, উচ্চতা ১ দশমিক ৬ ফুট। ওজন প্রায় আট কেজি। উদ্ধারকালে প্রাণীটির বাঁ চোখে ও মাথার পেছনের দিকে গুরুতর আহত ছিল। বর্তমানে এটি বন বিভাগের রাজশাহী কার্যালয়ে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স বিভাগের শিক্ষক হেমায়েতুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মোল্যা রেজাউল করিম বলেন, নিয়মিত খাবার পরিবেশন, নিবিড় পরিচর্যা ও তত্ত্বাবধানে রেখে সম্পূর্ণ সুস্থ হওয়ার পর দুটি প্রাণীকে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।