বিরল প্রজাতির মেছো বাঘ আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জে ছাতক পৌর শহরে গত শনিবার সন্ধ্যায় স্থানীয় লোকজন বিরল প্রজাতির একটি মেছো বাঘ আটক করেছে। শহরের কলেজ রোড এলাকার প্রাণিসম্পদ কার্যালয়ের পাশ থেকে এটি আটক করা হয়।
স্থানীয় লোকজন জানান, মেছো বাঘটির উচ্চতা প্রায় দেড় ফুট, লম্বায় চার ফুট। সারা গায়ে ডোরাকাটা দাগ রয়েছে। মুখমণ্ডল অনেকটা হায়নার মতো, গায়ের রং ধূসর। আটকের পর এটি দেখার জন্য উৎসুক লোকজন ভিড় জমায়। আটকের সময় জনতার প্রহারে মেছো বাঘটি দুর্বল হয়ে পড়ে। শনিবার রাতে এটি পৌর শহরের বাঘবাড়ি এলাকার আলী আহমদের বাড়িতে ছিল।
বন বিভাগের ছাতক বিট কর্মকর্তা মো. ফেরদৌস বলেন, ‘গতকাল রোববার দুপুর পর্যন্ত আমাকে কেউ বিষয়টি জানায়নি। খোঁজ নিয়ে সেটি উদ্ধার করে যথাযথ ব্যবস্থা নেব।’