বিরল রোগের শিশুটি এখন ঢাকার হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছর বয়সী মোহম্মদ বায়েজিদ বেশ হাসিখুশি। তবে কেউ তাকে দেখলেই চমকে উঠবে। কারণ, এই শিশুটি দেখতে ৭৫ বছর বয়সী বৃদ্ধের মতো। মুখ, চোখ, পেট, হাত-পাসহ শরীরের চামড়া বয়স্কদের মতো ঝুলে পড়েছে। চিকিৎসকেরা প্রাথমিকভাবে মনে করছেন, বায়েজিদ ‘প্রোজেরিয়া’ রোগে আক্রান্ত। এটা এক বিরল জিনগত রোগ। প্রতি এক কোটি লোকের একজনের এ রোগ হওয়ার আশঙ্কা থাকে।

মাগুরার এই শিশুটিকে গতকাল শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। তার রোগ শনাক্ত করা এবং কীভাবে চিকিৎসা দেওয়া হবে, চিকিৎসকেরা এখনো সিদ্ধান্ত নিতে পারেননি। আজ রোববার সকালে আট সদস্যের একটি মেডিকেল টিম বায়েজিদের চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

বায়েজিদের চিকিৎসার দায়িত্বে আছেন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক হেদায়েত আলী খান। তিনি প্রথম আলোকে বলেন, ‘এই রোগ নির্ণয়ে ও চিকিৎসায় আমরা এখনো কোনো সিদ্ধান্ত নিইনি।’

বায়েজিদের বাবা লাভলু শিকদার প্রথম আলোকে বলেন, ‘ডাক্তাররা বলেছেন এই রোগের চিকিৎসা আছে। বোর্ড মিটিং হবে, তারপর তাঁরা ওর ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।’

গতকাল হাসপাতালে গিয়ে দেখা যায়, বায়েজিদ বিস্কুটের প্যাকেটকে বলের মতো করে ছুড়ে ছুড়ে আপনমনে খেলছে। অনেকে কৌতূহল নিয়ে শিশুটিকে দেখতে আসছেন।

জন্মের পর আর দশটি স্বাভাবিক শিশুর মতোই বড় হতে থাকে বায়েজিদ। তবে দুই বছর বয়সে যখন সে কথা বলা শুরু করে, তখন থেকেই শারীরিক এই পরিবর্তন সবার চোখে পড়তে থাকে।

মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা চলছিল বায়েজিদের। সেখানকার চিকিৎসকেরা বায়েজিদের এই অবস্থাকে প্রোজেরিয়া বলে শনাক্ত করেন।

মা তৃপ্তি খাতুন প্রথম আলোকে বলেন, ‘অন্য বাচ্চাদের মতো সে কথা বলে। ওর খাওয়ার চাহিদাও স্বাভাবিক। জন্মের পর থেকে ওর চিকিৎসার জন্য অনেক ডাক্তার দেখিয়েছি।’

প্রোজেরিয়া রোগে স্বাভাবিকের চেয়ে আট গুণ দ্রুত গতিতে শরীরের বয়স বৃদ্ধি ঘটে। এ রোগে আক্রান্তরা ১২-১৩ বছর বয়সেই হৃদরোগ বা মস্তিষ্কে রক্তক্ষরণে (স্ট্রোক) মারা যায়। ১৮৮৬ সালে জোনাথান হাচিনসন নামে এক ব্রিটিশ চিকিৎসক প্রথম এ রোগ সনাক্ত করেন।