
কৃষি সভ্যতার সূচনা ও বিবর্তনের ইতিহাস এবং কালের ধারায় বিভিন্ন কৃষি উপকরণ ও প্রযুক্তি নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য উদ্যোগ গ্রহণ করে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এ প্রচেষ্টার অংশ হিসেবে ২০০২ সালের ১০ মার্চ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় কৃষিভিত্তিক জাদুঘরের। এরপর দেশীয় ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ২০০৭ সালের ৩০ জুন এ জাদুঘরের আনুষ্ঠানিক যাত্রা শুরু।জাদুঘরটিতে এখনো চলছে কৃষিসম্পর্কিত ঐতিহ্য সংরক্ষণের কাজ। সীমিত পরিসরে হলেও এ জাদুঘরে ফুটিয়ে তোলা হয়েছে আবহমান গ্রামবাংলার কৃষিজ সংস্কৃতিতে ব্যবহূত কৃষিকাজের নিদর্শন। বিশেষ করে বাঁশ ও বেতের টুকরি, ওচা, মাথাল, বাঁশের বাঁক, ঝুড়ি, টুরং, কুরুম, তেরা, খালুই, গরুর ঠোয়া, পলো, মই, বিভিন্ন ধরনের হুঁকা, চালুন, কুলা, ডুলি, কাঠের লাঙল, জোয়াল, কোদাল, দা, নিড়ানি, কাস্তে, ঢেঁকি, চেং, বাইর, উড়ি, মাটির সানকি, বিজয়পুরের চীনামাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটিসহ বিভিন্ন ধরনের মাটি। আছে বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থিত বাংলাদেশ কৃষি পরমাণু গবেষণা ইনস্টিটিউট ও কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত হরেক জাতের ধান, পাট, ডাল, ছোলা, সরিষা, টমেটো, বাদামসহ বিভিন্ন ধরনের শস্য ও বীজ। রয়েছে বিলুপ্তপ্রায় প্রজাতির বিভিন্ন ধরনের মাছ, অনুষদভিত্তিক কৃষি উপকরণ, সয়েল টেস্টিং কিট, কীটপতঙ্গ সংগ্রহের বাক্স, বিবর্তনের ধারায় যান্ত্রিক কৃষিকাজ, পাহাড়ি চাষাবাদ পদ্ধতিসহ কৃষিকাজের বিভিন্ন মডেল। এ ছাড়া রয়েছে ঘোড়ার মাথার কঙ্কাল এবং বিড়াল, প্লাটিপাস, বানর, খরগোশ, কচ্ছপ, মোরগ, কুকুর, অজগর ও জাতি সাপের কঙ্কাল। জাদুঘরের একটি অংশে উপজাতি গারো সম্প্রদায়ের বংশধারার বাহক নাতক, ক্রাম ও ডামা রয়েছে। তাদের মদ তৈরির উপকরণ গাছেক, রাউ, ফং, ঝানছি, দিক্কাও সেখানে স্থান পেয়েছে। আছে গারোদের বাদ্যযন্ত্র নাগ্রা, অলংমা, ওঠাকারু, সানাই ও মিল্লাম। দেশীয় ঐতিহ্যের বাদ্যযন্ত্রের মধ্যে একতারা, লাউয়া, বেহালা, দোতারা, তরই বাঁশের বাঁশিসহ লোহা ও অন্যান্য বাঁশের বাঁশি, হারমোনিয়াম ও শঙ্খ রয়েছে। এ ছাড়া রয়েছে মাথার খুলিসহ মহিষ, বনছাগল ও হরিণের শিং। আরেকটি অংশে রয়েছে অনেক আগে ব্যবহূত বিশাল আকৃতির বিভিন্ন মডেলের ক্যালকুলেটর এবং বিশ্ববিদ্যালয়ে প্রথম মাইক্রোকম্পিউটার ও প্রিন্টার। ১৯৮০ সালে প্রথম বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের শিক্ষার্থীদের কম্পিউটার প্রোগ্রামিং কোর্স অধ্যয়নের জন্য এটি ব্যবহূত হয়।
দেশের এ জাদুঘর যেন হয়ে উঠেছে কৃষি উপকরণ ও প্রযুক্তির বিরল সংগ্রহশালা।
এরই মধ্যে জাদুঘরটি নজর কেড়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ আশপাশের উৎসাহী মানুষের। জাদুঘরে তিনবার গেছেন পশুপালন অনুষদের দ্বিতীয় বর্ষের ওয়াহিদুজ্জামান। জাদুঘরের কৃষি সরঞ্জাম ও গ্রামীণ সংস্কৃতির চিত্রগুলো অনেক ভালো লেগেছে বলে জানান তিনি।
কৃষি জাদুঘরটির পরিচালক অধ্যাপক কাজী শাহনারা আহমেদ বলেন, কৃষিই এ দেশের কৃষ্টি এবং জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি বলে বাংলাদেশ কৃষিনির্ভর দেশ হিসেবে অত্যন্ত গৌরবের সঙ্গে স্বীকৃত। বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জাতীয় সহযোগিতা এলে এটি হতে পারে অন্যতম পর্যটন কেন্দ্র। জাদুঘরটি ছুটির দিন ছাড়া সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকে।