বিরল সংবর্ধনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শামসুর রহমান শিমুল বিশ্বাস বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী। প্রায় তিন মাস কারাভোগ করেছেন পুলিশ হত্যা, পুলিশ বক্সে হামলা, গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণের অভিযোগে করা পাঁচ মামলায়। তবে জামিনে বেরিয়ে এসে ফুলেল সংবর্ধনা পেলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বাধীন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন থেকে।
গতকাল সোমবার বিকেলে মতিঝিলের ফেডারেশন ভবনে শিমুল বিশ্বাসকে সংবর্ধনা দেওয়া হয়। তিনি এই ফেডারেশনের যুগ্ম সম্পাদক।
সংবর্ধনা অনুষ্ঠানে শাজাহান খান উপস্থিত ছিলেন না। তবে তাঁর ঘনিষ্ঠ ও ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী ছিলেন। শাজাহান খানের ইচ্ছাতেই এই সংবর্ধনা দেওয়া হয়েছে বলে কয়েকজন শ্রমিকনেতা জানান। ৫ জানুয়ারি নির্বাচনের আগে হরতাল-অবরোধে গাড়ি পোড়ানো এবং শ্রমিক হত্যার প্রতিবাদে মিছিল-সমাবেশ করেছিলেন ফেডারেশনের নেতারা। ১৮ দলের ঢাকামুখী ‘গণতন্ত্রের অভিযাত্রা’র সময় শ্রমিক হত্যার প্রতিবাদে কয়েকটি জেলায় ধর্মঘটও ডাকে এই শ্রমিক সংগঠন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত নেতারা শিমুল বিশ্বাসের গ্রেপ্তারের নিন্দা জানান। শিমুল বিশ্বাস বলেন, ‘রাজনৈতিক দল যার যার, সড়ক পরিবহন শ্রমিক এক কাতার।’ কারাগারে থাকার সময় তাঁর সমর্থনে পোস্টার ছাপানোর জন্য ফেডারেশনের নেতাদের ধন্যবাদ জানান তিনি।
যখন যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের সমর্থকেরাই ফেডারেশনে নেতৃত্ব দেন, কর্তৃত্ব করেন। ২০০৯ সালে আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠনের পর থেকে সংগঠনের কার্যকরী সভাপতি শাজাহান খানের হাতেই ফেডারেশনের একক নিয়ন্ত্রণ। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তৎকালীন প্রতিমন্ত্রী লুৎফুর রহমান খান আজাদের বাবা হবিবুর রহমান খানের কর্তৃত্বে ছিল সংগঠনটি। তিনি মারা গেছেন। এখন ফেডারেশনে শিমুল বিশ্বাসই বিএনপিপন্থীদের বড় নেতা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শ্রমিকনেতা গতকাল প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ফেডারেশনে শিমুল বিশ্বাসের প্রভাব নেই বললেই চলে। তিনি শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট কোনো কারণেও গ্রেপ্তার হননি। রাজনৈতিক কারণে গ্রেপ্তার হওয়ার পর ফেডারেশন থেকে আগে কাউকে এ ধরনের সংবর্ধনা দেওয়া হয়নি। মূলত ক্ষমতার পালাবদল হলে যাতে বর্তমান কর্তৃত্বকারীদের কোনো সমস্যা না হয়, সে জন্যই শিমুল বিশ্বাসকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
জানতে চাইলে ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ফেডারেশন অরাজনৈতিক। তাঁদের সংগঠনের নেতা হিসেবে শিমুল বিশ্বাসকে সংবর্ধনা দেওয়া হয়েছে।