বিরল সীমান্তের ওপারে বাংলাদেশিকে হত্যা
দিনাজপুরের বিরল উপজেলার এনায়েতপুর সীমান্তের ওপারে গত রোববার হোসেন আলী (৪০) নামের এক বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হোসেন আলী উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন গ্রামের লাল মিঞার ছেলে। নিহত ব্যক্তির স্ত্রী সুফিয়া বেগমের দাবি, মাদক ব্যবসায়ীরা তাঁর স্বামীকে হত্যা করেছেন।সুফিয়া খাতুন জানান, তাঁর স্বামী একজন কৃষক। রোববার সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর হোসেন আর ফিরে আসেননি। গতকাল সোমবার সকালে ভারতের উত্তর দিনাজপুরের বটগাছি গ্রামের ধানখেতে হোসেন আলীর লাশ দেখে আত্মীয়স্বজনেরা তাঁকে খবর দেন। তিনি আরও বলেন, ১৫ দিন আগে এলাকার কালিয়াগঞ্জ বাজারে গ্রামপুলিশ ও এলাকার কতিপয় যুবক ৩৫০ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করেন। ফেনসিডিলগুলোর মালিক ছিলেন স্থানীয় ধর্মজৈন গ্রামের মানিক মিয়া নামের এক মাদক ব্যবসায়ী। মানিকের সন্দেহ ছিল, হোসেনই তাঁর ফেনসিডিলের চালান ধরিয়ে দিয়েছেন। এর জের ধরে তাঁর স্বামী খুন হয়েছেন।বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দিনাজপুর সেক্টরের ২ রাইফেল ব্যাটালিয়নের এনায়েতপুর সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার বজলুর রহমান জানান, গতকাল হোসেনের মৃত্যুর খবর তাঁর পরিবারের সদস্যদের কাছ থেকে তাঁরা পেয়েছেন। এ ব্যাপারে ৪১ বিএসএফ ব্যাটালিয়নের গোবরা বিল ক্যাম্পের কমান্ডারের কাছে পতাকা বৈঠকের জন্য চিঠি পাঠানো হয়েছে। কিন্তু গতকাল বেলা তিনটা পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি।