বিরলতম পাখিটির প্রতি এ কেমন উদাসীনতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসুস্থ পাখিটি প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছে হাওরের বেড়িবাঁধের ওপর দিয়ে। একদল শিশু পেছন থেকে তাড়া করে ঢিল ছুড়ছে। পাখিটি অসহায়। উড়তে পারছে না। একসময় আশ্রয় নেয় কবরস্থানে। সেখানেও দুরন্ত শিশুর দল আক্রমণ চালায়। স্থানীয় এক ব্যক্তি শিশুদের ধমক দিলে তারা চলে যায়। আপতত রক্ষা পায় পৃথিবীর বিরলতম প্রজাতির এই কালো শকুনটি।১২ ডিসেম্বর বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরপাড়ের কেজাউরা গ্রামের আবদুল কাদিরের বাড়ির উঠানে বসে ছিল শকুনটি। উড়তে পারছিল না। কাদির এটিকে ধরে দড়ি দিয়ে বেঁধে রাখেন। পরে পাখিটি নিয়ে বিশ্বম্ভরপুর থানার দ্বারস্থ হন তিনি। থানায় থাকা অবস্থায় এটিকে কয়েক দিন চিকিৎসা দেয় স্থানীয় প্রাণীসম্পদ বিভাগ। এ নিয়ে ২৫ ডিসেম্বর প্রথম আলোর শেষের পাতায় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। তখন পাখি বিশেষজ্ঞরা মত দেন, ‘কালো শকুন শুধু বিরলই নয়, বিরলতম পরিযায়ী পাখি। তাই এটিকে জাতীয় চিড়িয়াখানায় দেওয়া উচিত।’ কিন্তু স্থানীয় প্রাণীসম্পদ বিভাগ এরপর পাখিটির কোনো খোঁজ নেয়নি।গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার খরচার হাওরের একটি বেড়িবাঁধের ওপর এটিকে দেখা যায়। উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মওদুদুর রহমান খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমে পাখির বিষয়ে কিছুই জানেন না বলে জানান। পরে বলেন, ‘আসলে এটি যখন ধরা পড়ে, তখন আমি ঢাকায় ছিলাম। শুনেছি, এখন বন বিভাগের কাছে আছে। থানার লোকজন মনে হয় বুঝতে পারেনি, পাখির দায়িত্ব বন বিভাগের নয়, আমাদের।’বিশ্বম্ভরপুর থানার ওসি আবদুল্লাহ আবু সাঈদ জানান, থানায় পাখিটি এক মাস ছিল। পরে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। কিন্তু অসুস্থ পাখিটি বিশ্বম্ভরপুর সদরের পাশের একটি হাওরে রয়েছে জানালে ওসি বিস্ময় প্রকাশ করেন। বলেন, ‘কী বলেন! আমরা তো সেটি বন বিভাগের কাছে দিয়েছি।’এ ব্যাপারে কথা বলার জন্য বন বিভাগের সুনামগঞ্জ রেঞ্জ কর্মকর্তা সৈয়দ মাহমুদুল্লাহর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি তা ধরেননি।