বিরলে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৮ প্রার্থীর জরিমানা
দিনাজপুরের বিরল উপজেলায় গত সোম ও গতকাল মঙ্গলবার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে আট প্রার্থীর কাছ থেকে ২১ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহমুদ হাসান ওই জরিমানা করেন।
কয়েকজন প্রার্থী সূত্রে জানা গেছে, ষষ্ঠ দফায় ৪ জুন ওই নির্বাচন হবে। কিন্তু প্রার্থীদের কেউ কেউ বিজয় সূচিত (ভি-চিহ্ন) সংবলিত ছবিসহ পোস্টার ছাপিয়ে লাগিয়েছেন। এ ছাড়া মোটরসাইকেল শোভাযাত্রা, মিছিল, দেয়ালে পোস্টার সাঁটানোসহ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে আট প্রার্থীকে ওই জরিমানা করা হয়।
সৈয়দ মাহমুদ হাসান বলেন, উপজেলার ভান্ডারা ইউনিয়ন পরিষদের (ইউপি) আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মামনুর রশিদকে তিন হাজার, বিএনপির প্রার্থী মোশারফ হোসেনকে তিন হাজার, রানীপুকুরের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ফারুক আজমকে পাঁচ হাজার এবং ভান্ডারা ও রানীপুকুরের চারজন সাধারণ সদস্যকে আট হাজার ও একজন সংরক্ষিত সদস্যকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।