বিরলে আদিবাসীর নামে সেতু
দিনাজপুরের বিরল উপজেলায় রেংটা মাঝি নামে একজন আদিবাসীর নামে একটি সেতুর নামকরণ করা হয়েছে। গত শুক্রবার উপজেলার ভান্ডারা ইউনিয়নের তুলাই নদের ওপর ওই সেতু নির্মাণের কাজ শুরু হয়।
এলাকাবাসী জানায়, বিরল উপজেলার তুলাই নদে রেংটা হেমব্রম নৌকাযোগে লোকজনদের পারাপার করতেন। বিরল ও বোঁচাগঞ্জ উপজেলার জনসাধারণ নৌকাযোগে ওই নদী পারাপার করতেন। বর্ষা মৌসুমে পারাপারে সময় বেশি লাগত। সেতুটি নির্মিত হলে এলাকার ১০ লাখ মানুষের যাতায়াতের সুবিধা হবে।
শুক্রবার বিকেলে সেতুর নির্মাণকাজ উদ্বোধন করেন দিনাজপুর-২ আসনের সাংসদ খালেদ মাহমুদ চৌধুরী। সাংসদ বলেন, ‘গ্রামের মানুষের যাতায়াতের সুবিধার জন্য স্থানীয় আদিবাসী নেতা রেংটা মাঝি সেতুটি নির্মাণের দাবি নিয়ে আমার কাছে এসেছিলেন। তখন আমি তাঁকে বলেছিলাম, সেতু হলে তো আপনার আয়ের পথ বন্ধ হয়ে যাবে। রেংটা মাঝি আমার ওই কথার জবাবে তারপরও জনগণের সুবিধার জন্য এখানে তুলাই নদের ওপরে সেতুটি হোক। যে আদিবাসী নিজের আয়ের পথ বন্ধ করে সবার সুবিধার্থে সেতুর দাবি করেছিলেন, সেই রেংটা মাঝি সেতু দেখে যেতে পারেননি। তাই ওই আদিবাসী মাঝির নামেই সেতুটির নামকরণ করা হয়েছে।’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের দিনাজপুর কার্যালয় সূত্রে জানা গেছে, সাত কোটি টাকা ব্যয়ে এলজিইডির তত্ত্বাবধানে সেতুটি ৯০ দশমিক ১০ মিটার নির্মিত হচ্ছে। আগামী ২০১৫-১৬ অর্থবছরের ৩০ জুনের মধ্যে সেতুর নির্মাণকাজ শেষ করতে এলজিইডির পক্ষ থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।