বিরলে ছাত্রীর আত্মহত্যার ঘটনায় ব্র্যাকের মানববন্ধন
বিরল উপজেলার ফরাক্কাবাদ ইউনিয়নের স্কুলছাত্রী শাবনূরের আত্মহত্যায় প্ররোচনাদানকারীদের গ্রেপ্তারের দাবি করেছে দিনাজপুরের বেসরকারি সংস্থা ব্র্যাক। গতকাল শুক্রবার দিনাজপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে সংবাদ সম্মেলনে ওই দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ব্র্যাক কেন্দ্রীয় কার্যালয়ের কর্মসূচি ব্যবস্থাপক মো. আবদুল ওয়াহেদ। এতে বলা হয়, শাবনূর স্থানীয় ব্র্যাক স্কুলে পঞ্চম শ্রেণীতে পড়ত। বাবা না থাকায় মা মেহেরজানসহ নানি-মামাদের কাছে থাকত সে। একই পাড়ার রবিউল ইসলাম তাকে বিয়ের প্রলোভন দেখাতেন।১৯ নভেম্বর রাতে রবিউল শাবনূরের সঙ্গে বাড়ির পাশে গল্প করছিলেন। ঘটনাটি চোখে পড়ার পর শাবনূরের নানি, মামা ও খালা তাকে সঙ্গে নিয়ে রবিউলের বাড়িতে যান। তাঁর বাবা, মা ও বোনকে বিষয়টি অবহিত করেন। এ সময় রবিউলের মা-বাবা ও বোনেরা ক্ষিপ্ত হয়ে শাবনূর, তার নানি মজিদা বেগম, খালা মৌসুমী ও মামা মাজেদুরকে প্রচণ্ড মারধর করেন। এ ঘটনার পর গভীর রাতে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে শাবনূর।ব্র্যাকের কর্মকর্তার দাবি, চোখের সামনে রবিউলের পরিবারের সদস্যদের হাতে নানি-খালা ও মামাকে লাঞ্ছিত হতে দেখে শাবনূর আত্মহত্যা করেছে।ব্র্যাকের পক্ষ থেকে রবিউল, তাঁর বাবাসহ মামলার আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, আত্মহত্যার প্ররোচনার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯-এর ‘ক’ ধারায় মামলা হয়েছে। এতে বাদী হয়েছেন শাবনূরের মা মেহেরজান। মামলার আসামিরা হলেন রবিউল ইসলাম, তাঁর বাবা মো. ওয়াজেদ আলী, মা রহিমা খাতুন ও বড় বোন পারভীন। আসামিরা আত্মগোপনে থাকায় তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে পুলিশ তাঁদের গ্রেপ্তারের জোর চেষ্টা চালাচ্ছে।