দিনাজপুরের বিরল উপজেলার ধামইর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পিপল্লা কাঞ্চনপল্লী গুচ্ছগ্রামের দুই আদিবাসীকে মারধর করেছেন। একই সঙ্গে তিনি ৭৫টি আদিবাসী পরিবারকে গুচ্ছগ্রাম ছাড়ার নির্দেশ দিয়েছেন। আদিবাসীদের কাছে কোনো পণ্য বিক্রি করতে বা রেস্তোরাঁয় বসতে দিতেও মানা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।বিরল উপজেলায় পিপল্লা কাঞ্চনপল্লী গুচ্ছগ্রামে গতকাল রোববার দুপুরে গেলে আদিবাসীরা এ অভিযোগ করেন। আদিবাসীদের অনেকে অভিযোগ করেন, শুক্রবার বিকেলে ধামইর ইউপি চেয়ারম্যান মো. মোসলেম উদ্দিন আদিবাসী রেশম ভুঞ্জারকে (২৭) টেনেহিঁচড়ে ধুকুরঝাড়ি বাজারে তাঁর অফিসকক্ষে নিয়ে বেদম মারধর করেন। তাঁকে রক্ষা করতে এলে চাচা নকুল ভুঞ্জারকেও (৫৫) পিটুনি দেন চেয়ারম্যান ও তাঁর সমর্থক সন্ত্রাসীরা। রেশম ও তাঁর চাচা নকুল বর্তমানে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাদের জিলানী প্রথম আলোকে বলেন, আহত নকুল ভুঞ্জার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেনকে তদন্তের ভার দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।গুচ্ছগ্রাম আদিবাসী সমিতির সভাপতি হরিমোহন ভুঞ্জার বলেন, দুজনকে মারধরের প্রতিবাদ করতে গেলে চেয়ারম্যান ও তাঁর সন্ত্রাসীরা গ্রামে এসে আদিবাসী নারীদের ওপর মোটরসাইকেল তুলে দেন। তাঁরা ২৪ ঘণ্টার মধ্যে গুচ্ছগ্রাম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন এবং বাজারে যেতে নিষেধ করেন। এমনকি আদিবাসীদের কাছে কোনো পণ্য বিক্রি বা রেস্তোরাঁয় বসতে দিতে অন্যদের বারণ করেন। নিষেধ অমান্য করে সোম ভুঞ্জার শনিবার স্থানীয় বাজনাহার রেলস্টেশনে এক হোটেলে নাশতা খেতে বসলে চেয়ারম্যানের ভাতিজা রনি ও আক্তার তাঁকে মারধর করে হোটেল থেকে বের করে দেন। হোটেলটির মালিক আমজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গৃহবধূ বাহ্নি বালা ভুঞ্জারী বলেন, ‘দুই একর ৭২ শতক আয়তনের একটি খাসপুকুর ও মাটিয়া মালদার বুড়ি ঠাকুরানী দেবীর নামে চার একর ৩০ শতকসহ মোট সাত একর জমি নিয়ে গুচ্ছগ্রামটি প্রতিষ্ঠিত হয় এইচ এম এরশাদ সরকারের সময়। এখানে ৭৫টি আদিবাসী পরিবার বাস করে। গুচ্ছগ্রামের পুকুর ও জমি নিয়ে ইউপি চেয়ারম্যান মোসলেমের সঙ্গে ২৭ বছর ধরে বিরোধ চলছে।দুই আদিবাসীকে মারধরের বিষয়টি স্বীকার করে ইউপি চেয়ারম্যান মো. মোসলেম উদ্দিন প্রথম আলোকে বলেন, রাস্তায় চলাচলকারী টেম্পোসহ বিভিন্ন যানবাহনের কাছ থেকে জোর করে টাকা আদায় করায় তিনি রেশম ভুঞ্জারকে দুটি চড় মারেন। তাঁর চাচা নকুল তেড়ে এলে তাঁকেও চড় মারেন। আদিবাসীদের হোটেল-রেস্তোরাঁয় বসা, বাজারে আসা বা কাজে যেতে বাধা দেওয়ার অভিযোগ সত্য নয়।