বিরলে পঞ্চম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা, এলাকায় বিক্ষোভ
দিনাজপুরের বিরল উপজেলার ফরাক্কাবাদ উত্তরপাড়া গ্রামে গত শুক্রবার রাতে পঞ্চম শ্রেণীর ছাত্রী শাবনূর (১২) আত্মহত্যা করেছে। মেয়েটির পরিবার ও প্রতিবেশীদের অভিযোগ, বখাটের পরিবারের সদস্যদের হামলায় তিন স্বজন আহত হওয়ায় শাবনূর ক্ষোভে দুঃখে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তবে বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মহন্ত গতকাল শনিবার প্রথম আলোর কাছে দাবি করেন, ‘ঘটনাটি ইভ টিজিং নয়। শাবনূরের সঙ্গে রবিউলের প্রেমের সম্পর্ক ছিল।’ গতকাল বিকেলে ফরাক্কাবাদ উত্তরপাড়া গ্রামে গেলে শাবনূরের মা মেহেরজান জানান, দুই বছর আগে স্বামীর মৃত্যুর পর তিনি একমাত্র সন্তান শাবনূরকে নিয়ে ফরাক্কাবাদ উত্তরপাড়া গ্রামে মা ও দরিদ্র ভাইয়ের কাছে আশ্রয় নেন। শাবনূর একটি বেসরকারি সংস্থা পরিচালিত বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে পড়ত। মেহেরজানের অভিযোগ, অবস্থাপন্ন প্রতিবেশীর ছেলে রবিউল তাঁর মেয়েকে প্রায়ই উত্ত্যক্ত করত এবং তার সঙ্গে মেশার চেষ্টা করত। শুক্রবার রাত আটটার দিকে তাঁর অনুপস্থিতিতে রবিউল তাঁদের বাড়িতে আসে এবং শাবনূরকে ফুসলিয়ে ডেকে বাড়ির বাইনে এনে কথা বলে। এ সময় মেহেরজানের মা মজিদা ও ভাই মাজেদুর দেখে ফেলেন। মজিদা ও মাজেদুর এর প্রতিবাদ করলে রবিউল পালিয়ে যায়। এরপর তাঁরা শাবনূরকে সঙ্গে নিয়ে রবিউলের বাবা মো. ওয়াজেদ আলীর কাছে গিয়ে অভিযোগ করেন এবং বিচার দাবি করেন।মাজেদুর জানান, বিচার চাইতে গেলে ওয়াজেদ আলী ও তাঁর পরিবারের সদস্যরা তাঁদের ওপর ক্ষিপ্ত হয়ে তাঁর মা (মজিদা), ছোট বোন ও তাঁকে বেদম মারধর করেন। চোখের সামনে মামা, নানি ও ছোট খালাকে পেটানোর দৃশ্য দেখে শাবনূর দৌড়ে বাড়ি চলে যায়। মাজেদুর বলেন, লাঞ্ছিত হয়ে রাত ১০টার দিকে তাঁরা বাড়ি ফিরে দেখেন, ঘরের দরজায় খিল লাগানো। কোনো সাড়াশব্দ না পেয়ে তাঁরা দরজা ভেঙে দেখেন, ঘরের ছাদের কোঠার বাঁশের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে শাবনূরের নিথর শরীর। মাজেদুরের মতে, স্বজন ও নিজের অপমান সহ্য করতে না পেরে শাবনূর আত্মহত্যা করেছে। একই অভিমত জানান উত্তরপাড়া গ্রামের আলিম উদ্দিন, আবদুল খালেক, মরিয়ম বেগমসহ মাজেদুরের প্রতিবেশীরা। শাবনূরের শিক্ষিকা আয়েশা সিদ্দিকা জানান, শাবনূর অত্যন্ত মেধাবী ছাত্রী ছিল। শাবনূরের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের বিচার দাবি করেন তিনি। এদিকে ঘটনার পর থেকে রবিউল ও তাঁর পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়েছে বলে গ্রামবাসী জানিয়েছে। শাবনূরের সহপাঠীরা তাঁর মৃত্যুর জন্য দায়ীদের বিচার দাবি করে গতকাল ফরাক্কাবাদ উত্তরপাড়া গ্রামে বিক্ষোভ মিছিল করেছে। ফরাক্কাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. লুৎফর রহমান জানান, মৃত্যুর খবর পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি বিরল থানার পুলিশকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেন। বিরল থানার ওসি হরিদাস মহন্ত জানান, শাবনুরের লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে অপমৃত্যুর মামলা হয়। গতকাল শাবনূরের মামা মাজেদুর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ পুরো ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।