বিরলে স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরল উপজেলায় পঞ্চম শ্রেণীর ছাত্রী শাবনুরের আত্মহত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহতের মা মেহেরজান গত রোববার চারজনকে আসামি করে মামলাটি দায়ের করেন।মামলার চারজন আসামি হচ্ছেন বিরল উপজেলার ফরক্কাবাদ উত্তরপাড়া গ্রামের রবিউল ইসলাম (২২), তাঁর বাবা মো. ওয়াজেদ আলী (৬০), মা রহিমা খাতুন (৫০) এবং বড় বোন পারভীন (২৫)। তাঁদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। আসামিরা পলাতক রয়েছেন। ময়নাতদন্ত শেষে গত শনিবার সন্ধ্যায় শাবনুরের লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।রোববার সকালে দিনাজপুরের জেলা প্রশাসক জামাল উদ্দিন আহমেদ এবং পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক নিহতের মা মেহেরজানের হাতে নগদ ১০ হাজার টাকা তুলে দেন এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি আজাদী হাই এবং সাধারণ সম্পাদিকা কানিজ রহমানসহ কয়েকজন রোববার সকালে উত্তরপাড়া গ্রামে যান। উপজেলার উত্তরপাড়া গ্রামের স্কুলছাত্রী শাবনুর গত শুক্রবার আত্মহত্যা করে। রবিউলের পরিবারের সদস্যদের মারধরে শাবনুরের মা, নানি ও খালা আহত হন। এ ঘটনায় ক্ষোভে-দুঃখে সে আত্মহত্যা করে। এ নিয়ে গত রোববার প্রথম আলোতে প্রতিবেদন ছাপা হয়।