বিরলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিচু আনতে ট্রাকটি যাচ্ছিল দিনাজপুরের বিরল উপজেলার নাড়াবাড়ি এলাকায়। একই পথে মোটরসাইকেলে যাচ্ছিল দুজন। বিপরীত দিক থেকে আসছিল যাত্রীবাহী ইজিবাইক। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি প্রথমে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়, পরে বিপরীত দিক থেকে আসা ইজিবাইককেও ধাক্কা দেয়।

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীসহ ইজিবাইকের যাত্রীরা ছিটকে পড়েন রাস্তায়। ঘটনাস্থলে মারা যায় ইজিবাইকচালক ও মোটরসাইকেলচালক। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ইজিবাইকের পাঁচ যাত্রী। রোববার বেলা দুইটায় দিনাজপুর-বিরল স্থলবন্দর সড়কে সুবাইতা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন রংপুরের বদরগঞ্জ উপজেলার তমিজউদ্দিনের ছেলে আজিজুল হক (৬০)। অপরজন হলেন ইজিবাইকচালক বিরল উপজেলার বুনিয়াদপুর এলাকার মৃত ফেরাজউদ্দিনের ছেলে আবদুল খালেক (৫০)।

কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, ট্রাকটি খালি ছিল। লিচু আনতে নাড়াবাড়ির উদ্দেশে যাচ্ছিল। ফায়ার সার্ভিস অফিস ও পেট্রলপাম্পের কাছাকাছি এসে প্রথমে মোটরসাইকেলকে ধাক্কা দেয় ট্রাক। পরে ইজিবাইককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান। স্থানীয় লোকজন এসে আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বিরল থানার পরিদর্শক আবদুল কাদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আসি। মৃত ব্যক্তিদেরসহ ট্রাক, ইজিবাইক ও মোটরসাইকেলটি থানায় নিয়ে আসা হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাঁদের দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর তিনজনকে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি। ঘটনার পর থেকে ট্রাকচালক ও চালকের সহকারী পলাতক।