বিরলে হামলার আট দিন পর মামলা গ্রহণ
দিনাজপুরের বিরলে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের লাঠির আঘাতে সাত নারীকে পিটিয়ে আহত করার ঘটনার আট দিন পর গতকাল বৃহস্পতিবার মামলা নিয়েছে পুলিশ। মামলার বাদী আনিছুর রহমান অভিযোগ করেন, বিরল উপজেলার সরকারদলীয় নেতারা হামলাকারীদের পক্ষাবলম্বন করেছেন। ২৫ জুলাই ঘটনার পর থেকে বারবার এজাহার লিখে থানায় মামলা দিতে গেলেও পুলিশ মামলা নেয়নি। মীমাংসার কথা বলে এজাহার ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু আসামিরা থানায় আসত না। ২৯ জুলাই থানায় সালিসে আসামিপক্ষ জমির মালিকানা বিষয়ে আপস প্রস্তাব দেয়। কিন্তু ২৫ জুলাই সাত নারীকে পিটিয়ে আহত করা বা তাঁদের চিকিৎসার ব্যাপারে কোনো আলোচনা না করায় তাঁরা সালিস ছেড়ে চলে আসেন। বাদীর বড় ছেলে মো. তাজমুল হক অভিযোগ করেন, সালিস মেনে না নেওয়ায় আসামিপক্ষ তাঁদের হুমকি দিচ্ছে। বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল কাদের জিলানী বলেন, এজাহারে ত্রুটি থাকায় বাদীপক্ষকে তা ঠিক করে আনতে বলা হয়েছিল। এ কারণে মামলা রেকর্ড করা হয়নি।