বিরলের ঐতিহ্য শিটি মরিচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মরিচ বেচে চাল, মরিচ বেচে কাপড়। সন্তানদের লেখাপড়া আর স্বজনদের সমাদর। বাপ-দাদার আমল থেকে চাষ। কোনো বছর দাম না পেলেও, হয় না কেউ হতাশ। দিনাজপুরের বিরল উপজেলার কৃষকেরা এই দর্শন ধারণ করে তাঁদের ঐতিহ্য ‘শিটি মরিচ’ চাষ করে আসছেন।
শিটি মরিচ দেখতে চিকন ও লম্বা ধরনের। স্বাদ, রং ও সৌন্দর্যে দেশের যেকোনো এলাকার মরিচের মধ্যে এটি অনন্য।
সরেজমিনে দেখা গেছে, বিরল উপজেলা সদর থেকে দক্ষিণ দিকে পাকা রাস্তাটি তিন কিলোমিটার পর দুই দিকে চলে গেছে। বাঁ দিকের রাস্তাটি চলে গেছে কামদেবপুর সীমান্তে। এক কিলোমিটার এগোলেই রাস্তার দুই ধারের বিস্তীর্ণ উঁচু ডাঙ্গা জমির প্রান্তর। পুরো প্রান্তরজুড়ে গাঢ় সবুজের মধ্যে টকটকে লাল রঙের সমারোহ। রাস্তার পূর্ব পাশে মরিচখেতে তিন কিষানি কাজ করছিলেন। তাঁরা বললেন. ‘মরিচের খেতত থাকি ঘাস বাছি ফেলাচি। আর বথুয়া শাক হইচে, ওইলা তুলি নেছি।’
জমির মালিক শরীফ আলী (২৭) বললেন, তিনি ৪৮ শতক জমিতে শিটি মরিচ চাষ করেছেন। এ জন্য প্রায় ২৫ হাজার টাকা খরচ হয়। দুুই দফায় ৩৫ মণ কাঁচা মরিচ তুলে ৪০ হাজার টাকায় বিক্রি করেছেন। এর পরও জমিতে প্রায় ১০ মণ পাকা মরিচ আছে।
এলাকার প্রবীণ কৃষক মতিয়ার রহমান বলেন, বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে জমি থেকে বোরো ধান তোলার পর উঁচু ডাঙ্গা জমিতে শিটি মরিচের চাষ করা হয়। শ্রাবণ মাসে বীজ তৈরির কাজ শুরু হয়। ভাদ্র-আশ্বিন মাসে চারা রোপণ করা হয়। চারা রোপণের দুই মাসের মধ্যে মরিচ তোলা শুরু হয়। মাঘ মাসে মরিচ পেকে লাল হয়ে যায়।
কামদেবপুর গ্রামের শিক্ষক মোজামেঞ্চল হক বলেন, বাপ-দাদাদের আমল থেকে এলাকার কৃষকেরা মরিচের চাষ করেন। মরিচই এলাকার কৃষকদের প্রধান ফসল। বিষ্ণুপুর, জগতপুর, মির্জাপুর, কুকড়িবন ও কামদেবপুরসহ বিরল উপজেলার দক্ষিণ প্রান্তে ভারতীয় সীমান্তবর্তী গ্রামের কৃষকেরা শিটি মরিচের চাষ করে থাকেন বলে তিনি জানান।
জগতপুর গ্রামে গিয়ে দেখা যায়, খেত থেকে মরিচ তুলে খালি জমিতে কাঁচা-পাকা মরিচ স্তূপ করে রেখেছেন কৃষকেরা। পাইকারি ক্রেতারা পাল্লায় ওজন করে বস্তাজাত করছেন।