বিরহের কাল ফুরাল তবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী কেন্দ্রীয় উদ্যানের পুকুর থেকে ধরে খাঁচায় তোলার আগে নারী ঘড়িয়ালের ছবিটি গতকাল দুপুরে তোলা l শহীদুল ইসলাম
রাজশাহী কেন্দ্রীয় উদ্যানের পুকুর থেকে ধরে খাঁচায় তোলার আগে নারী ঘড়িয়ালের ছবিটি গতকাল দুপুরে তোলা l শহীদুল ইসলাম

এত দিন নারীরা সবাই ছিল রাজশাহী ও রংপুরে। পুরুষেরা ছিল ঢাকায়। একে অন্যের সঙ্গে দেখা হয়নি কোনো দিন। কেউ তাদের দেখা-সাক্ষাতের সুযোগও করে দেয়নি। এবার তাদের সেই সুযোগ মিলছে, বিরহের অবসান ঘটতে যাচ্ছে। গতকাল শুক্রবার রাজশাহী থেকে ঢাকার দিকে রওনা দিয়েছে এক নারী। আজ শনিবার সকালে ঢাকা চিড়িয়াখানায় তাদের মোলাকাতের কথা রয়েছে।

এই নারী-পুরুষেরা মিঠাপানির বিরল প্রজাতির কুমির, ঘড়িয়াল। পদ্মা ও যমুনায় একসময় প্রচুর দেখা মিলত, এখন বিলুপ্তির পথে। রাজশাহী চিড়িয়াখানায় দুটি ঘড়িয়াল আছে, দুটিই মাদি। রংপুর চিড়িয়াখানায় চারটি আছে। এই  চারটিও মাদি। ঢাকা চিড়িয়াখানায় আছে চারটি পুরুষ ঘড়িয়াল। বঙ্গবন্ধু সাফারি পার্কে আছে একটি, সেটিও পুরুষ। বিশ্বব্যাপী মহাবিপন্ন প্রাণী এই ঘড়িয়ালের মহাবিরহ নিয়ে গত বছরের ২০ এপ্রিল প্রথম আলোতে ‘নারীরা উত্তরে, পুরুষেরা ঢাকায়’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

রাজশাহী চিড়িয়াখানা কর্তৃপক্ষ আর্থিক সংকটের কারণে এত দিন তাদের বিনিময় করে প্রজননের পরিবেশ সৃষ্টি করতে পারেনি। এবার রাজশাহী-ঢাকা চিড়িয়াখানা ও বন বিভাগের সহযোগিতায় ইন্টারন্যাশাল ইউনিয়ন ফর কনজারভেশন অব ন্যাচার (আইইউসিএন) আন্তচিড়িয়াখানা ঘড়িয়াল বিনিময়ের উদ্যোগ নিয়েছে।

গত বছরের ২৪ এপ্রিল বন বিভাগের সঙ্গে ঢাকায় আইইউসিএনের একটি বৈঠক হয়। সেখানে সব চিড়িয়াখানার কিউরেটরদের ডাকা হয়। ঘড়িয়াল বিনিময়ের উদ্যোগ নিয়ে আলোচনা হয় সেই সভায়। এরই ধারাবাহিকতায় গতকাল সকালে রাজশাহীর শহীদ এ এইচ এম কামারুজ্জামান চিড়িয়াখানা ও কেন্দ্রীয় উদ্যানের পুকুর থেকে একটি মাদি ঘড়িয়াল ঢাকা চিড়িয়াখানায় নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়।

বাঁশের তৈরি খাঁচায় পুরে ঘড়িয়ালটিকে পাঠানো হয় ঢাকা চিড়িয়াখানায় l প্রথম আলো
বাঁশের তৈরি খাঁচায় পুরে ঘড়িয়ালটিকে পাঠানো হয় ঢাকা চিড়িয়াখানায় l প্রথম আলো

চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাদের নিজেদের জাল দিয়ে প্রথম ধরতে গেলে ঘড়িয়ালটি জাল ছিঁড়ে বেরিয়ে যায়। পরে নগরের শ্রীরামপুর থেকে জেলেদের জাল নিয়ে আসা হয়। পরপর তিনবার চেষ্টা করে ঘড়িয়ালটিকে আটকানোর চেষ্টা ব্যর্থ হয়। চতুর্থবার ঘড়িয়ালটিকে জালে আটকানো সম্ভব হয়। কাছে এনে প্রাণীটির চোখ পাটের চট দিয়ে ঢেকে দেওয়া হয়। পরে দড়ি দিয়ে মুখ বাঁধা হয়।

চিড়িয়াখানার কিউরেটর ফরহাদ উদ্দিন বলেন, ঘড়িয়ালটিকে এমনভাবে ধরা হয়েছে, যাতে সে কোনো রকম আঘাত না পায়। এ জন্যই প্রাণীটিকে ধরতে ৫ ঘণ্টা লেগেছে। তারপর তাকে বাঁশের তৈরি খাঁচায় পোরা হয়। সেই খাঁচা ট্রাকে করে রাত সাড়ে আটটার দিকে ঢাকার উদ্দেশে রওনা হয়। আজ (শনিবার) সকালে ঢাকা চিড়িয়াখানায় এই মাদি ঘড়িয়ালটি অবমুক্ত করা হবে। আর সেখান থেকে একটি পুরুষ ঘড়িয়াল ধরা হবে। একইভাবে ট্রাকে তুলে তাকে আনা হবে রাজশাহীতে।

আইইউসিএন বাংলাদেশে ঘড়িয়ালের আবাসস্থল চিহ্নিত করা এবং ঘড়িয়াল ব্যবস্থাপনার জন্য একটি সুপারিশ তৈরি করছে। এ বিষয়ে প্রতিষ্ঠানের মুখ্য গবেষক এ বি এম সারোয়ার আলম গতকাল প্রথম আলোকে বলেন, পরিকল্পনা অনুযায়ী আজ ঢাকা চিড়িয়াখানার একটি পুরুষ ঘড়িয়াল ধরে নিয়ে তাঁরা রাজশাহী যাবেন। কাল রোববার রাজশাহীতে এটি আনুষ্ঠানিকভাবে ছাড়া হবে।

ঘড়িয়াল নামের এই জলচর সরীসৃপ লাজুক ও শান্ত প্রকৃতির। ঘড়িয়ালের দেহের দৈর্ঘ্য হয় সর্বোচ্চ ৪ থেকে ৭ মিটার। সাধারণ প্রকৃতিতে ৫০-৫৫ বছর বাঁচে। রাজশাহীর ঘড়িয়ালের বয়স ৪০ হয়ে গেছে। গঙ্গা নদী ছাড়াও উপমহাদেশের অন্যান্য বড় নদীতেও ঘড়িয়াল দেখা যেত। বাংলাদেশে পদ্মা, যমুনা ও ব্রহ্মপুত্রে এবং সেগুলোর শাখা-প্রশাখায় একসময় প্রচুর দেখা যেত ঘড়িয়াল। কিন্তু আবাসস্থল ধ্বংস হওয়ার কারণে বাংলাদেশে প্রজননসক্ষম ঘড়িয়াল বর্তমানে বিলুপ্তির পথে। বাংলাদেশে ঘড়িয়াল মহাবিপন্ন বন্য প্রাণী, যা বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ দ্বারা সংরক্ষিত।