বিরামপুর আওয়ামী লীগের কোন্দল ভোটেও মিটল না
দিনাজপুরের বিরামপুরে আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন দেওয়া নিয়ে দলীয় কোন্দল এড়াতে গতকাল সোমবার তৃণমূলের নেতা-কর্মীদের জন্য ভোটের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। কিন্তু শেষরক্ষা হয়নি। কারচুপির অভিযোগ এনে চেয়ারম্যান পদপ্রার্থী লিয়াকত হোসেন ভোট প্রত্যাখ্যান করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন।
দলীয় সূত্র জানায়, ১৯ ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ থেকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ কবিরকে সমর্থন দেওয়া হয়। কিন্তু স্থানীয় কমিটির সদস্য লিয়াকত হোসেনও প্রার্থিতা ঘোষণা করেন। দলের এ বিভক্তি মেটাতে জেলা আওয়ামী লীগের হস্তক্ষেপে তৃণমূল নেতাদের ভোটে নির্বাচনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেয় উপজেলা আওয়ামী লীগ।
গতকাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল আলমের মিল চত্বরে দিনব্যাপী ভোট গ্রহণ চলে। উপজেলা ও পৌর শহরের আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকেরা শুধু এতে ভোট দেওয়ার সুযোগ পান। দিন শেষে দেখা যায়, পারভেজ কবির বিজয়ী হয়েছেন।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলতাফুজ্জামান জানান, পারভেজ কবির ১১৮ ভোট পেয়ে বিজয়ী হন। লিয়াকত হোসেন পান ৯১ ভোট। তবে ভোটে কোনো কারচুপি হয়নি বলে দাবি করেন জেলা নেতা।
লিয়াকত হোসেন বলেন, ‘বিরামপুরে মোট ভোটার ২১১ জন। তাঁদের মধ্যে মারা গেছেন তিনজন। উপদেষ্টাদের কোনো ভোট নেই। কিন্তু ভোট কাস্ট দেখানো হয়েছে ২১৯টি।’ তিনি আরও অভিযোগ করেন, ষড়যন্ত্রমূলকভাবে তাঁকে পরাজিত করা হয়েছে। তিনি ভোটের ফলাফল প্রত্যাখ্যান করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা দেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান জানান, ১৪ জন উপদেষ্টার ভোট রয়েছে এ তৃণমূল পর্যায়ে। ফলে মোট ভোটার ২২৫ জন। তিনি অভিযোগ করেন, লিয়াকত হোসেনের গ্রহণযোগ্যতা নেই। তার পরও দলকে বিভক্তির হাত থেকে বাঁচাতে জেলা নেতাদের নেতৃত্বে সুষুমভাবে তৃণমূলের ভোট নেওয়া হয়। এতেও পরাজিত হয়ে বিভ্রান্তি ছড়াতে ভোট কারচুপির মিথ্যা অভিযোগ করছেন লিয়াকত।