বিরামপুর ও শেরপুরে দুজনের লাশ উদ্ধার
দিনাজপুরের বিরামপুর উপজেলার দক্ষিণ দাউদপুর সীমান্ত ও বগুড়ার শেরপুর উপজেলার শালফা গ্রাম থেকে গত দুই দিনে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।বিরামপুর উপজেলার ভাইগড় বিডিআর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. রজব আলী জানান, গতকাল মঙ্গলবার সকালের দিকে দক্ষিণ দাউদপুর সীমান্তে টহলরত বিডিআরের সদস্যরা বাংলাদেশের ১০ গজ অভ্যন্তরে সরিষা খেতে এক তরুণের লাশ পড়ে থাকতে দেখে ক্যাম্পে খবর দেন। তরুণের বয়স আনুমানিক ২৩ বছর। তবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।বিরামপুর থানার ওসি এ টি এম আমিনুল ইসলাম জানান, পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে দিনাজপুর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।এদিকে শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আলহাজ উদ্দিন জানান, পুলিশ গত সোমবার বিকেলে বগুড়া উপজেলার শালফা গ্রামের একটি সরিষাখেত থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করে। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর। তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। তাঁর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য গতকাল মৃতদেহটি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এসআই আশরাফ চৌধুরী বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। গতকাল পর্যন্ত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।