বিরামপুর দিয়ে নেপালে গেল সহায়তার চাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৫ সালে নেপালে ভয়াবহ ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী মানবিক সহায়তা হিসেবে চাল পাঠানো শুরু হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পরিচালনায় গতকাল বুধবার দিনাজপুরের বিরামপুর দিয়ে এ চাল নেপালে যায়।
বিরামপুর খাদ্যগুদামে গতকাল দুপুর ১২টায় চাল প্রেরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মনিরুজ্জামান আল মাসউদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মোখলেছুর রহমান। তদারক কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মনিরুজ্জামান সরকার, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) খন্দকার মো. মাহবুব হোসেন।
এ ব্যাপারে জানতে চাইলে পিআইও মনিরুজ্জামান বলেন, জেলা প্রশাসনের বাস্তবায়নে এ বছর বিরামপুর থেকে ৩০০ মেট্রিক টন চাল পাঠানোর লক্ষ্যে গতকাল রোববার প্রথম চালানে চারটি ট্রাকে ১০০ মেট্রিক টন চাল পাঠানো হয়েছে। চালের প্রতিটি বস্তা একাধিক পরীক্ষার পর পাঠানো হচ্ছে।