বিরামপুর প্রেসক্লাবে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি
সংঘর্ষের আশঙ্কায় বৃহস্পতিবার সকাল নয়টায় বিরামপুর প্রেসক্লাবে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।বিরামপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. আকরাম হেসেন জানান, প্রেসক্লাবের সদস্যসংখ্যা ৩২ জন। সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগে ৬ মার্চ ২৪ জন সদস্যের উপস্থিতিতে বর্ধিত সভায় ক্লাবের উপদেষ্টা সাইফুল ইসলাম এবং সভাপতি মোবারক আলীকে বহিষ্কার করা হয়। ১৩ এপ্রিল বিকেলে বহিষ্কৃত সদস্য সাইফুল এবং মোবারক একদল সন্ত্রাসী সঙ্গে নিয়ে ক্লাবঘরের তালা ভেঙে প্রেসক্লাব দখলের ঘোষণা দেন। অন্যান্য সদস্য বিরামপুর থানায় গিয়ে মোবারক, সাইফুলসহ কয়েকজনের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। উত্তেজনা সৃষ্টি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রেসক্লাবে ১৪৪ ধারা জারি করেন। বিরামপুর থানার তদন্ত কর্মকর্তা মো. বেলাল হোসেন জানান, প্রেসক্লাবের দুটি গ্রুপ একই সময়ে প্রেসক্লাবকে পান্তা উৎসব এবং বৈশাখী অনুষ্ঠানের ঘোষণা দেয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারির জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন জানানো হয়।