বিরামপুর বিরল ও তানোরে প্রতিমা ভাঙচুর
দিনাজপুরের বিরামপুর ও বিরল এবং রাজশাহীর তানোরে গত শুক্রবার রাতে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।বিরামপুর উপজেলার শালঘরিয়া গ্রামবাসী জানান, শনিবার সকালে মন্দিরে এসে তাঁরা দেখেন, প্রতিমাগুলোর বিভিন্ন অংশ ভেঙে মন্দির চত্বরে ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়েছে।মন্দিরের সভাপতি সুজয় চন্দ্র সাহা প্রতিমা ভাঙচুরের জন্য অমল চন্দ্র সরকারকে দায়ী করেন। এ ব্যাপারে বক্তব্য জানতে অমল চন্দ্র সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তবে তাঁর বাবা উপেন্দ্রনাথ প্রতিমা ভাঙচুরের ঘটনায় তাঁর ছেলের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। এদিকে একই রাতে বিরল উপজেলা সদরের রেলস্টেশন কালীমন্দিরে দুর্গাপ্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হরিদাস মহন্ত বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল শনিবার সবুজ নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহীর তানোর পৌর এলাকার সমাসপুর হরিমন্দিরে দুর্গাপূজার প্রতিমা তৈরি করা হচ্ছিল। গত শুক্রবার দিবাগত রাতে দুর্বৃত্তরা মন্দিরের চারটি প্রতিমা ভাঙচুর করে। তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী জিয়াউল বাসেত বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের খুঁজে বের করে আইনের আওতায় নেওয়ার চেষ্টা চলছে।