বিরামপুর শহরে ফুটপাত নেই, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেকোনো পৌরসভায় উন্নত যোগাযোগব্যবস্থার স্বার্থে রাস্তার পাশে ফুটপাত থাকার বিধান থাকলেও ১৮ বছরেও দিনাজপুরের বিরামপুর পৌরবাসী এ সুবিধা পাননি। ফলে তাঁরা মূল সড়কের ওপর দিয়েই চলাচল করতে বাধ্য হচ্ছেন। এতে প্রতিনিয়তই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। অথচ রাস্তার দুই পাশে ফুটপাতের জায়গা দখল করে গড়ে উঠেছে যাবতীয় ব্যবসাপ্রতিষ্ঠান।
বিরামপুর পৌরসভার সহকারী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী জানান, বিরামপুর একটি প্রথম শ্রেণীর পৌরসভা। এই পৌরসভার ওপর দিয়ে চলে গেছে গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়ক ও বিরামপুর-নবাবগঞ্জ সড়ক। এর মধ্যে মহাসড়কের ঘোড়াঘাট রেলগুমটি থেকে টাটাকপুর পর্যন্ত চার এবং সড়কটির ঢাকা মোড় থেকে শালবাগান পর্যন্ত দুই কিলোমিটার রাস্তাকে পৌরসভার মূল সড়ক হিসেবে চিহ্নিত করা হয়েছে।
পৌর প্রকৌশলী আরও জানান, স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ অনুযায়ী, প্রতিটি পৌরসভায় সড়কের পাশে ফুটপাত রাখতে হবে। কিন্তু বিরামপুর পৌরসভার ব্যস্ত সড়কটির পাশে কোনো ফুটপাত নেই।
উপজেলা প্রকৌশলী মাহমুদ জামান জানান, মহাসড়ক ও সড়কটি মিলিয়ে মূল পৌর সড়কটি সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের অধীনে। সড়কের নকশায় এর দুই পাশে ফুটপাত চিহ্নিত থাকলেও সওজ তা নির্মাণ করেনি।
সরেজমিনে দেখা গেছে, রেলগুমটি থেকে বেলডাঙ্গা এবং ঢাকা মোড় থেকে শালবাগান পর্যন্ত শহরের মূল পৌর সড়কের দুই পাশ ঘেঁষেই গড়ে উঠেছে উপজেলার প্রায় সব ব্যবসাপ্রতিষ্ঠান। সড়কের ওপরেই যত্রতত্র রিকশা, টেম্পো, ভটভটি, ইজিবাইক ও বাস দাঁড়িয়ে আছে।বিরামপুর থানাসহ বিভিন্ন সূত্র জানায়, গত পাঁচ বছরে বিরামপুর শহরেই সড়ক দুর্ঘটনায় পাঁচ শিক্ষার্থীসহ ১৪ জন প্রাণ হারিয়েছেন।
পৌর মেয়র আজাদুল ইসলাম সড়কের দুই পাশের জায়গা দখলের কথা স্বীকার করে জানান, রাস্তার এক পাশে নালার ওপর স্ল্যাব দিয়ে ফুটপাত নির্মাণের পরিকল্পনা আছে। প্রশাসনের সহয়তা পেলে তিনি ফুটপাতের জায়গা দখলমুক্ত করবেন বলে জানান।
বিরামপুর থানার ওসি রেজাউল ইসলাম জানান, ফুটপাত দখলমুক্ত করতে পৌর কর্তৃপক্ষ চাইলে পুলিশ সহায়তা দিতে প্রস্তুত।