বিরামপুর সীমান্তে বিএসএফের নির্যাতনে বাংলাদেশির মৃত্যু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে আবুল কাশেম নামের বাংলাদেশি এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি বিরামপুর উপজেলার ভাইগড় গ্রামে। গত মঙ্গলবার বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাঁর লাশ ফেরত দিয়েছে বিএসএফ।কাশেমের বাবা আলতাফ হোসেন বলেন, রোববার রাত থেকে কাশেম নিখোঁজ ছিল। কাশেমের পরিচিত ভারতের কয়েকজন নাগরিক সোমবার সকালে তার লাশ ভাইগড় সীমান্তবর্তী ভারতের গোবিন্দপুর গ্রামের একটি খালে পড়ে থাকতে দেখেন।কাশেমের কয়েকজন সঙ্গী বলেন, রোববার রাতে কাশেমসহ সাত-আটজনের একটি দল গরু আনার জন্য ভাইগড় সীমান্তে দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বিএসএফের একদল সদস্য তাঁদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন। এতে কাশেম গুরুতর জখম হন। পরে বিএসএফের সদস্যরা কাশেমকে ধরে নিয়ে যান।স্থানীয় সূত্রের বিবরণ অনুযায়ী, বিএসএফের সদস্যরা কাশেমকে নির্যাতন শেষে হত্যা করেন। পরে তাঁর লাশ মাটিতে পুঁতে রাখেন। বিজিবির ৪০ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক তারেক ইফতেখার জানান, এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ও কাশেমের লাশ ফেরত চেয়ে সোমবার রাত সাড়ে আটটার দিকে এবং মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। বৈঠকে এই হত্যাকাণ্ডে বিএসএফের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে বিএসএফ জানায়, রোববার রাতে কয়েকজন বাংলাদেশি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে বিএসএফ গুলি বর্ষণ করে। তবে এতে কোনো বাংলাদেশি নিহত হননি। গতকাল বিকেলে কাশেমের লাশ বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। বিজিবি, পুলিশ ও নিহত ব্যক্তিদের পরিবার সূত্রে জানা গেছে, গত বছরের ১৬ ডিসেম্বর থেকে চলতি আগস্ট মাস পর্যন্ত বিরামপুর সীমান্তে বিএসএফের গুলি ও নির্যাতনে এ নিয়ে ছয় বাংলাদেশি নিহত হয়েছেন।