বিরামপুরে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরামপুরের শাখা যমুনা নদীর ছয়টি স্থান থেকে অবৈধভাবে অবাধে বালু ও রাবিশ (মাটিমিশ্রিত বালু) তোলা হচ্ছে। অপরিকল্পিতভাবে বালু তোলায় নদীপাড়ের বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তাঘাট ও ফসলি জমি হুমকির মুখে পড়েছে।গত বুধবার সরেজমিনে দেখা গেছে, উপজেলার পলিপ্রয়াগ ইউনিয়নের মোন্নাপাড়া থেকে কাটলা ইউনিয়নের দাউদপুর গ্রাম পর্যন্ত শাখা যমুনা নদীর ছয়টি স্থান থেকে বালু তোলা হচ্ছে। পলিপ্রয়াগপুরের মোন্নাপাড়া ঘাটে প্রস্তমপুর গ্রামের বেলাল হোসেন এবং হোসেনপুর ঘাটে শিমুলতলী গ্রামের বাবুল হোসেন, তাঁর ভাই আবু তাহের, হেলাল উদ্দিন ও গগন কুমার বালু তুলছেন। কাটলা ইউনিয়নের দক্ষিণ রামচন্দ্রপুর ও ঘাসুরিয়া ঘাটে ইউপি সদস্য আখতারুল ইসলাম (৩৮) ও মমিনুল ইসলাম (৩৪), ভবানীপুর মুন্সিপাড়া ঘাটে শওকত আলী (৪৩) এবং হরিহরপুরে আবুল কালাম (৩৬) ও সাহেব মণ্ডল (৪০) বালু তুলছেন। বালু উত্তোলকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই ছয়টি স্থান থেকে প্রতিদিন কমপক্ষে ৫০০ ট্রাক বালু ও রাবিশ বিক্রি করা হয়। প্রতি ট্রাক বালু ২০০ টাকা এবং রাবিশ ১৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। বিরামপুর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম সরকার বলেন, বালু তোলায় হোসেনপুর মৌজায় কলেজের পাঁচ শতাংশ জমি নদীতে বিলীন হয়েছে গেছে। কাটলার রামচন্দ্রপুর গ্রামের কিয়াম উদ্দিন (৪২) বলেন, ‘বালুর টিরাক (ট্রাক্টর) যায়ে যায়ে গাঁয়ের মাটির রাস্তাটা শেষ।’ প্রায় একই ধরনের কথা বলেন প্রস্তমপুর গ্রামের সিরাজুল ইসলামসহ (৪২) কয়েকজন।পলিপ্রয়াগপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে শ্রীপুর গ্রামের তেলীপাড়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, দৌলত ইউনিয়ন উচ্চবিদ্যালয়, চকবিনোদ ঈদগাসহ গ্রামের ৩০-৪০টি বাড়ি হুমকির মুখে পড়েছে। বালু উত্তোলন বন্ধের জন্য আমিসহ শতাধিক গ্রামবাসী অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’বালু উত্তোলনকারী বেলাল হোসেন, বাবুল হোসেন, আবু তাহের ও গগন কুমার জানান, এর আগেও এভাবে বালু তোলা হয়েছে। কেউ কিছু বলেনি। তাই এবারও তাঁরা বালু উত্তোলন করছেন। কাটলা ইউপি সদস্য আখতারুল ইসলাম বলেন, ‘সবাই নদী থেকে বালু তুলছে, তাই আমিও তাদের মতো বালু তুলছি।’ কাটলা ইউনিয়নের চেয়ারম্যান মো. সামছুল আলম বলেন, ‘আমি আখতারুল ইসলামকে অনেকবার নিষেধ করেছি। কিন্তু আমার নিষেধ তিনি মানেননি।’বিরামপুর উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, বিরামপুরে একমাত্র চকবিনোদ এলাকাটি ইজারা দেওয়া বালুমহাল। বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. রোখসানা বেগম বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুবার অবৈধভাবে বালু উত্তোলনকারীদের জরিমানা করা হয়েছে। অভিযোগ পাওয়ামাত্র আরও অভিযান চালানো হবে।’২০১০ সালের বালুমহাল আইনে বলা হয়েছে, বিপণনের উদ্দেশ্যে কোনো উন্মুক্ত স্থান, চা-বাগানের ছড়া ও নদীর তলদেশ থেকে বালু বা মাটি উত্তোলন করা যাবে না। এ ছাড়া সেতু, কালভার্ট, ব্যারেজ, বাঁধ, সড়ক, বন, রেললাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা বা আবাসিক এলাকার এক কিলোমিটারের মধ্যে বালু বা মাটি তোলা নিষিদ্ধ।