বিরামপুরে অস্ত্রসহ তিনজন গ্রেপ্তার
দিনাজপুরের বিরামপুর উপজেলায় গত সোমবার অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন হাকিমপুর উপজেলার চুরিপট্টি গ্রামের অস্ত্র বিক্রেতা মনজুর আলম (৩৫), অস্ত্র ক্রেতা নওগাঁর আত্রাই থানার শিবগঞ্জ গ্রামের আশরাফ উদ্দিন (২৫) ও রানীনগরের এনায়েতপুর গ্রামের মিলন (২৩)।
পুলিশ সূত্রে জানা গেছে, অস্ত্র কেনাবেচার খবর পেয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম এবং গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) বজলুর রশিদ ওই দিন রাত আটটার দিকে উপজেলার বিজুল বাজারে অবস্থান নেন।
এ সময় মনজুর হিলি থেকে ভারতের তৈরি নতুন দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১২টি গুলি নিয়ে বিজুল বাজারে এলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে মনজুরের দেওয়া তথ্য অনুয়ায়ী, বিজুল বাজার থেকেই আশরাফ ও মিলনকে গ্রেপ্তার করা হয়।
এসআই বজলুর রশিদ জানান, এ ঘটনায় তিনি বাদী হয়ে ওই তিনজনকে আসামি করে থানায় অস্ত্র আইনে একটি মামলা করেছেন। আশরাফ ও মিলন চরমপন্থী দলের সদস্য। চরমপন্থীদের হয়ে আশরাফ ও মিলন এসব অস্ত্র কিনতে এসেছিলেন।