বিরামপুরে আগুনে কারখানা ও গুদাম পুড়ে ছাই
দিনাজপুরের বিরামপুরে অগ্নিকাণ্ডে ন্যাপের এক নেতার তুলার কারখানা ও ধানের গুদাম পুড়ে ছাই হয়ে গেছে। এতে দুটি গরু অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। গতকাল শনিবার এ ঘটনা ঘটে।
রংপুরের তারাগঞ্জে গত শুক্রবার রাতে একটি মুরগির খামারে অগ্নিকাণ্ডের ঘটনায় দেড় হাজার মুরগির মৃত্যু হয়েছে।
ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে ন্যাপের দিনাজপুর জেলা কমিটির সভাপতি আবদুল আজিজ সরকারের তুলার কারখানায় আগুন লাগে। পরে আগুন পাশের ধানের গুদামেও ছড়িয়ে পড়ে। আগুনে কারখানার তুলা, অন্য সরঞ্জাম এবং গুদামে থাকা ধান পুড়ে গেছে। হাকিমপুর ও ফুলবাড়ী উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা এসে দুই ঘণ্টা চেষ্টার পর বেলার দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
কারখানার মালিক আবদুল আজিজ সরকার দাবি করেন, তাঁর মোট দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।
হাকিমপুর ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান আলী জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এতে ৩০-৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১২টায় তারাগঞ্জ উপজেলার প্রামাণিকপাড়া গ্রামের সামসুল হকের খামারে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে দেড় হাজার মুরগিসহ প্রায় চার লাখ টাকার মালামাল পুড়ে যায়। রাত দেড়টায় সৈয়দপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।